প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত ঈশ্বরদীর মাঠে শীতকালীন সবজি চাষের ব্যাপক প্রস্তুতি চলছে। কৃষক ও কৃষাণীরা জমি প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন, পাশাপাশি বীজ তলার পরিচর্যাও করছেন। তারা আশাবাদী যে, প্রস্তুতির এই অগ্রগতি অব্যাহত থাকলে বিপর্যয়ের শঙ্কা না থাকলে তাদের স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সরজমিনে ঈশ্বরদীর সবজি প্রধান এলাকা সলিমপুর, সাহাপুর, লক্ষ্মীকুন্ডা, দাশুড়িয়া, পাকশী ও মুলাডুলি ইউনিয়ন পরিদর্শন করে দেখা গেছে, চাষিরা শীতকালীন সবজি চাষের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তারা রোপণ উপযোগী চারা উৎপাদন করছেন।
চাষিরা জানান, অনিষ্টকারী রোগ পোকা-মাকড় ও প্রাকৃতিক বিপর্যয়ের অভাবের কারণে তারা বেগুন, মুলা, ফুলকপি, ওল কপি, বাঁধাকপি ও টমেটোর কাঙ্খিত চারা উৎপাদনে সক্ষম হয়েছেন। এই সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করতেও সক্ষম হচ্ছে।
অন্যদিকে, আগাম জাতের কিছু সবজি ইতিমধ্যেই মাঠে সবুজ হয়ে উঠেছে। মুলা, লাল শাক, গাজর ও বেগুনসহ আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি বাজারজাত করতে শুরু করেছেন চাষিরা। তবে, আগাম সবজি চাষের খরচ বেশি হওয়ায় বর্তমানে বাজারে এসব সবজির দাম বেশ চড়া। চাষিরা আশা করছেন, ভরা উৎপাদন মৌসুমে সবজির দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।
সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী উত্তর পাড়া গ্রামের কৃষক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, "এবার ১৯ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষের জন্য প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে বাড়ির আঙিনায় ওলকপি, বাঁধাকপি, ফুলকপি ও টমেটোর চারা উৎপাদন করা হয়েছে। আগামী ২/৪ দিনের মধ্যেই এ সকল চারা জমিতে রোপন করা হবে।" তিনি আরও জানান, বেশ কিছু জমিতে মুলা, লাল শাক ও বেগুন রোপন করা হয়েছিল, যা এখন বিক্রির উপযোগী।
বক্তারপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম বিশ্বাস জানান, শীতকালীন সবজি চাষের জন্য আগামী চার মাস তাদের ব্যস্ততা চলবে। তিনি বলেন, "পার্শ্ববর্তী জেলা গুলোর চাষিরা চলতি মৌসুমে শীতকালীন সবজি চাষে পিছিয়ে পড়েছে। যার ফলে ঈশ্বরদীর চাষিরা এ মৌসুমে অধিক মূল্যে সবজি বিক্রির সুযোগ পাবে।"
চরমিরকামারী গ্রামের কৃষক আলম সরদার জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের প্রস্তুতিতে কোন সমস্যা হচ্ছে না, যা উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
কৃষি শ্রমিক শামসুল আলম, রহমত আলী ও সাইদুল প্রামানিক জানান, শীতকালীন সবজি চাষের কারণে তাদের ব্যস্ততা বেড়েছে অনেক গুণে। প্রতিদিন সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জমি প্রস্তুতির কাজ চলছে। তারা বীজতলা পরিচর্যা এবং আগাম মৌসুমের সবজির জমিতে আগাছা নিধনের কাজ করছেন। পুরো মৌসুম জুড়ে তাদের এই ব্যস্ততা অব্যাহত থাকবে।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান খান সাগর জানান, ঈশ্বরদীতে সবজি চাষে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও ঈশ্বরদীতে ব্যাপক হারে শীতকালীন সবজি চাষের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চাষিরা কাঙ্খিত সবজি উৎপাদনে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, "এ লক্ষ্যে আমরা নিয়মিতভাবে মাঠ পরিদর্শন করে কৃষকদের উন্নত চাষ পদ্ধতির ব্যাপারে দিকনির্দেশনা দিয়ে চলেছি।"
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন জানান, চলতি মৌসুমে ঈশ্বরদীতে প্রায় ৬ হাজার ১৮৫ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যে মাঠে মাঠে জোর প্রস্তুতি চলছে। মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে চলেছেন। তিনি আরও বলেন, "এবার প্রতি হেক্টর জমিতে ১০ মেট্রিক টনের অধিক এ সবজি উৎপাদিত হবে।" এখন পর্যন্ত বীজতলা এবং সবজি ক্ষেতে পোকা-মাকড় ও রোগবালাইয়ের উপদ্রব লক্ষ্য করা যায়নি। কৃষি অফিস এ বিষয়ে সতর্ক অবস্থায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন