প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে ফেরার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে যখন চালক হঠাৎ সামনে চলে আসা এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলে ওই পথচারী নিহত হন এবং বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আব্দুল খালেক (৪৫)। তিনি তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষ করে ঘোনা ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ যাত্রীদের বহনকারী একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। কুমিরা বাজার মোড়ে পৌঁছানোর পর এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ দৌড়ে বাসের সামনে চলে আসেন। চালক তাকে বাঁচাতে গিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের ধাক্কায় পথচারী আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান এবং বাসের যাত্রীরা আহত হন।
ঘটনার খবর পেয়ে তালা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। বাসের নিচে চাপা পড়া ও ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মো. সম্রাট (২৫), মো. কামাল (৪৫), সাইফুল্লাহ, আবু তাহের ও কামরুল হাসানের নাম জানা গেছে। এছাড়া আরও চারজন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, "খুলনা থেকে লংমার্চ শেষ করে আমাদের ঘোনা ইউনিয়নের একটি গাড়ি নেতাকর্মীদের নিয়ে ফিরছিল। পথিমধ্যে কুমিরা বাজার মোড়ে পথচারী আব্দুল খালেক হঠাৎ গাড়ির সামনে চলে এলে তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই পথচারী নিহত হন। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।"
নিহত আব্দুল খালেকের শ্বশুর কেরামত আলী শোকে বিহ্বল হয়ে বলেন, "আমার জামাই দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে সবার অজান্তে তিনি রাস্তায় চলে আসেন। তাকে বাঁচাতে গিয়েই এই নির্মম দুর্ঘটনাটি ঘটেছে।"
পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে এবং খাদ থেকে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন