প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছে আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্য আফসর হোসেনের বিরুদ্ধে। জেলা বিএনপি আফসর হোসেনকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এই ঘটনায়।
রোববার রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী মুলাগুল বাজারে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোহাম্মদ শরীফের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মুলাগুল বাজারে একটি মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিদ রানা ও তার আত্মীয় সাদেক আহমদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
বাজারের ‘মানব সেবা মেডিকেল’ নামের একটি দোকানের সামনে থেকে তাদের আটক করার সময় বিএনপি নেতা আফসর হোসেনের নেতৃত্বে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী এবং তাদের স্বজনেরা পুলিশের ওপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নেন।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি। পরে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় লোকজন করেছেন।
কানাইঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটকের চেষ্টা করে। এ সময় বিএনপি নেতা আফসরসহ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে তাদের ছিনিয়ে নেন।
এ ঘটনার পর বিএনপি নেতা আফসর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ এবং এ-সংক্রান্ত প্রমাণাদি থাকায় কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন