প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও, নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননে। দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এর ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ইরানও ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, মঙ্গলবার (১৬ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় দুটি গাড়িকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত চারজন নিহত হওয়ার খবর দিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।
ইরান দীর্ঘদিন ধরে বলছে, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননসহ সব এলাকায় সামরিক অভিযান বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখল অব্যাহত থাকলে এটি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি জানিয়েছেন, দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার না হলে যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়েছে বলা যাবে না।
এদিকে, ইরানের শীর্ষ সামরিক কমান্ডও সতর্ক করে ঘোষণা করেছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা অবস্থান বজায় রাখার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির আলোচনা চললেও তারা নিরাপদ অনুভব করছেন না। অনেকেই আশঙ্কা করছেন যে পরিস্থিতি আবারও বড় সংঘাতে রূপ নিতে পারে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন সংঘর্ষ শুরু হওয়ার পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন