প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের একদল স্কুলশিক্ষার্থী ও তাদের শিক্ষক আমাজন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। বিশাল আকৃতির পিরারুকু মাছের হাড় পুড়িয়ে তৈরি হচ্ছে বিশেষ ধরনের কয়লা, যা পানির ক্ষতিকর ভারী ধাতু ও অন্যান্য দূষিত পদার্থ শোষণ করতে সক্ষম।
এই পদ্ধতিতে সাধারণত দুই মিটার পর্যন্ত লম্বা পিরারুকু মাছের মোটা মেরুদণ্ডের হাড় সংগ্রহ করা হয়। এরপর সেগুলোকে সর্বোচ্চ ৯০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়িয়ে কয়লায় পরিণত করা হয়। পোড়া হাড় গুঁড়া করে তৈরি করা হয় এক ধরনের কার্বনসমৃদ্ধ উপাদান, যা পানির ভারী ধাতু ও অন্যান্য দূষক শোষণ করতে পারে।
ব্রাজিলের মানাকাপুরু শহরের হোসে মোতা স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক গ্যালিলিউ দা সিলভা পিরেস এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। সলিমোয়েস নদীর তীরে অবস্থিত শহরটি মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে। তিনি উল্লেখ করেন, এটি কার্বনের একটি টেকসই ও পরিবেশবান্ধব উৎস, যার জন্য গাছ কাটার প্রয়োজন হয় না। এই নতুন উপাদান ব্যবহার করে বিশুদ্ধ পানীয় জল উৎপাদন করা সম্ভব।
আমাজন অঞ্চলের নদীতীরবর্তী জনগোষ্ঠী প্রায়ই নিরাপদ পানির সংকটে পড়ে। বিশেষ করে খরার সময় বৃষ্টির পানি পাওয়া যায় না এবং নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় দূষিত পদার্থের ঘনত্ব বেড়ে যায়। ফলে পানিতে ক্ষতিকর উপাদানের মাত্রা বৃদ্ধি পায়।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, সম্প্রতি খরার পর আমাজন নদীর উজানের অংশ হিসেবে পরিচিত সলিমোয়েস নদীর পানির স্তরও নিচে নেমে গেছে। শিক্ষক গ্যালিলিউ দা সিলভা পিরেসের মতে, তার শিক্ষার্থীদের এই গবেষণা আমাজনের বাইরের অন্যান্য এলাকার জনগোষ্ঠীর জন্যও কাজে আসতে পারে।
তিনি বলেন, ‘এটি শিশুদের সম্ভাবনার প্রমাণ। কয়েক দশক ধরে চলা একটি সমস্যাকে সামনে রেখে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে সমাধান খুঁজে পাওয়া সম্ভব।’
প্রকল্পের সঙ্গে যুক্ত ১৮ বছর বয়সী শিক্ষার্থী আনা ফ্লাভিয়া কোস্তা লোপেস বলেন, ‘উন্নত মানের পানি ও পরিশোধিত পানি পাওয়ার পাশাপাশি আমরা যে একটি মূল্যবান জিনিস তৈরি করতে পারছি, তাতে আমাদের খুব ভালো লাগছে।’
গাছ না কেটে মাছের পোড়া হাড় দিয়ে পানি পরিশোধনের ধারণাটি আগে থেকেই পরিচিত। তবে পিরারুকু মাছের হাড় ব্যবহারের ফলে আমাজন অঞ্চলের আরেকটি পরিবেশগত সমস্যাও কমানো সম্ভব হতে পারে। মাছের মাংস খাওয়ার পর বিপুল পরিমাণ হাড় ও অন্যান্য বর্জ্য জমে থাকে। সেগুলোকে কাজে লাগিয়ে একদিকে বর্জ্য কমানো, অন্যদিকে বিশুদ্ধ পানি উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন