প্রিন্ট এর তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ০৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৮শে নভেম্বর, ২০২৬ইং; ০৬:৫২ পি.এম
পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাকক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা সমন্বয়ক মো. মেজবাউল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি খালেদা আক্তার হেনা ও সাধারণ সম্পাদক মিনারা বেগম, বাংলাদেশ মানবাধিকার সংগঠনের নির্বাহী সভাপতি কাজী মজিবুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুরের সভাপতি মো. খালেদ আবু, বাংলাদেশ যাত্রাগোষ্ঠী পিরোজপুরের সম্পাদক শাহীন শিকদার ও সভাপতি আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, ধর্ম, বর্ণ, মত ও পথের বৈচিত্র্য নিয়েই আমাদের বাংলাদেশ গঠিত। কিন্তু স্বাধীনতার এত বছর পরও সমাজে ঔপনিবেশিক আমলের রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক কাঠামোর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভাজন রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা ও মব-সংস্কৃতি, যা শান্তিকামী মানুষকে বিপন্ন করে তুলছে।
বক্তারা আরও বলেন, প্রতিটি নাগরিকের অধিকার বাকস্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার সমাধান হতে হবে যুক্তি, সংলাপ ও আইনের মাধ্যমে; মব সন্ত্রাস কিংবা জোরজবরদস্তির মাধ্যমে নয়।
উগ্রবাদ ও জোরজবরদস্তির বিরুদ্ধে নীরব না থেকে বিভিন্ন ধর্ম, মত, পথ ও পেশার সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং ইতিবাচক নবজাগরণ সৃষ্টিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা জহিরুল হক, আব্দুস সালাম বাতেন, সিদ্দিকুর রহমান পাশা, শাজাহান খন্দকার ও নুরুদ্দিন খালেদ রবি; ব্যবসায়ী আজম খান; জোড়া বটগাছ মাজার কমিটির সভাপতি মোহাম্মদ জালাল শেখ ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ গোলাম মর্তুজা; কিয়ামউদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক ইব্রাহিম ফরাজী; পিরোজপুর জজ কোর্টের অ্যাডভোকেট মনজুরুল আজিম খান ও রহিমা আক্তার হাসি; হরিনা গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরবিন্দ মণ্ডল; সাহিত্যিক ও লেখক মনীষা রানী হালদার এবং পিরোজপুর সদর থানা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন।
আলোচনা শেষে উপস্থিত সবাই পিরোজপুরে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও নাগরিক নিরাপত্তা বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"