প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনার পাইকগাছায় বেলালের ফলের বাগান তার জীবনে পরিবর্তন এনেছে। স্নাতক পাস বেলাল মাত্র দুই হাজার ৭'শ টাকা নিয়ে নার্সারি এবং পরে মিশ্র ফলের বাগান শুরু করেন। বর্তমানে তিনি সফল উদ্যোক্তা হিসেবে প্রতিবছর কয়েক লক্ষ টাকা ফল ও গাছের চারা বিক্রি করছেন। ছোট উদ্যোগকে পুঁজি করে ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে রয়েছে চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫'শটি গাছ থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন বেলাল। উৎপাদিত মালটা প্রায় ৪০ লক্ষ টাকা বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে প্রবেশ করলেই বেলালের বাগানে সারি সারি মালটা গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকৃতি ও রঙ দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। উপকূলীয় লবনাক্ত পরিবেশে গড়ে ওঠা এই ফলের বাগান দেখতে আসেন বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্যোক্তা ও দর্শনার্থীরা।
বেলাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে তিনি পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মালটা চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা, চারা ও শ্রমিক খাতে ৫ লাখ ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন তিনি। প্রতি কেজি ফল ২৫০ টাকা দরে বিক্রি করছেন। মৌসুম শেষে উৎপাদিত মাল্টা প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।
মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন, "রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।" তবে বেলালের কৃষি উদ্যোগের শুরুটা মালটা চাষ দিয়ে হয়নি। প্রায় ২৬ বছর আগে নানার বাড়ি উপজেলার সিলেমানপুর থেকে পড়াশোনার সময় নানির দেওয়া ২ হাজার ৭'শ টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে ৫ বিঘা জমিতে মালটা এবং ৪ বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।
ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলম চারা তৈরি করে বাজারজাত করা হয়। নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। নার্সারি ও ফল বাগান পরিচর্যায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামীতে মালটা চাষের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বেলাল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, "বেলালের মালটা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।" তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্যান্য কৃষকরাও ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন