প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালির উপকূলজুড়ে বেসরকারি বিচ ক্লাব এবং ব্যক্তিগত মালিকানাধীন সৈকতের প্রাধান্য নজরে পড়ে। কিন্তু এর ভিড়ের মধ্যেও কিছু সৈকত এখনও প্রাকৃতিক রূপ এবং উপভোগের জন্য উন্মুক্ত। ইতালিতে বসবাসরত একজন অস্ট্রেলীয় নাগরিকের চোখে দেশটির সেরা ছয়টি উন্মুক্ত এবং প্রাকৃতিক সমুদ্র সৈকতের কথা এখানে তুলে ধরা হলো। ১. রিভিয়েরা দেল কোনেরো, মার্চে: মার্চে অঞ্চলের অমূল্য রত্ন বলে পরিচিত এ সৈকত। গণপর্যটনের প্রভাব এখানে খুব কম। পাইন গাছের ঘেরা চুনাপাথরের পাহাড়ের পাশের সৈকতের স্বচ্ছ নীল-সবুজ পানি এবং সাদা নুড়ি পাথর পর্যটকদের মুগ্ধ করবে। 'সিরোলো' সৈকতটি দীর্ঘ এবং প্রাকৃতিক। এছাড়া ‘পোর্তোনোভো বে’-তে ষাটের দশকের আমেজ পাওয়া যায়। ১৯৫০ সাল থেকে পরিচিত 'রিস্তোরান্তে এমিলিয়া'-তে ঝিনুক দিয়ে তৈরি স্প্যাগেটি খাওয়ার অভিজ্ঞতা ভোলার মতো নয়। থাকা: সিরোলোতে সান মিশেল রিলে অ্যান্ড স্পা-তে রাতের জন্য খরচ ১০৮ ইউরো থেকে শুরু। ২. গারগানো, পুগলিয়া: পুগলিয়ার দক্ষিণভাগের সৈকতগুলো পর্যটকদের কাছে পরিচিত হলেও উত্তরের গারগানো উপদ্বীপটি অনেকটাই গোপন। গারগানো ন্যাশনাল পার্কের অংশ এ এলাকা পাথুরে খাঁড়ি এবং জলপাই বাগানের জন্য বিখ্যাত। 'পোর্তোগ্রেকো' একটি ছোট সৈকত, যা সমুদ্রের গুহা দ্বারা ঘেরা। এটি ডাইভিং এবং স্নরকেলিংয়ের জন্য আদর্শ। 'ভিগনানোতিকা' সৈকতের পেছনের বিশাল চুনাপাথরের পাহাড় গ্রীষ্মের বিকেলে শীতল ছায়া প্রদান করে। উল্লেখ্য, স্নরকেলিং হলো- পানির নিচে লুকিয়ে থাকা রঙিন মাছ এবং প্রবাল প্রাচীরের বিস্ময়কর জগৎকে দেখা। ৩. পোনজা, লাজিও: রোমবাসীদের জন্য প্রিয় এ দ্বীপে, মূল ভূখণ্ড থেকে ফেরিতে যাওয়ার সুযোগ রয়েছে। দ্বীপের দীর্ঘতম সৈকত 'ফ্রনতোন'-এ যাওয়ার জন্য ওয়াটার ট্যাক্সি রয়েছে। 'চিয়াইয়া দি লুনা'র মতো সৈকতে যেতে হলে নৌকা ভাড়া করতে হয়। সৈকত ঘুরে 'রিস্তোরো দা জেরার্দো' রেস্তোরাঁয় অক্টোপাস স্টু এবং টাটকা ডুমুরের মিষ্টান্ন ট্রাই করা যেতে পারে। থাকা: হোটেল চিয়াইয়া দি লুনা-তে খরচ ১১৫ ইউরো থেকে শুরু। ৪. পান্তেলেরিয়া, সিসিলি: সিসিলির চেয়ে তিউনিসিয়ার কাছে অবস্থিত এ দ্বীপটি মূল ইতালি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে কোনো বালুকাময় সৈকত নেই; পর্যটকরা আগ্নেয় শিলা বা পাথরের ওপর তোয়ালে বিছিয়ে রোদে পোড়ান এবং নীল পানিতে ডুব দেন। 'বালাতা দেই তুর্কি' এলাকা স্নরকেলিংয়ের জন্য আদর্শ। 'লাগেত্তো দেলে অনদিনে' এলাকা আগ্নেয় শিলার মাঝে শান্ত একটি প্রাকৃতিক জলাধার। ৫. এলবা, টাস্কানি: টাস্কান দ্বীপপুঞ্জের অংশ এলবা স্বচ্ছ পানি এবং পাহাড়ি ভূপ্রকৃতির জন্য পরিচিত। যদিও দেশের বাইরের কাছে এটি খুব জানা নেই, তবে এর ৯০ মাইল দীর্ঘ উপকূলজুড়ে রয়েছে ছোট ছোট বুনো সৈকত। 'নিস্পোর্তো' একটি শান্ত সৈকত, যা পরিবার নিয়ে ভ্রমণের জন্য চমৎকার। স্বচ্ছ পানির নিচে সামুদ্রিক জীববৈচিত্র্য দেখতে সেখানে স্নরকেলিং করা যায়। থাকা: নিস্পোর্তোতে রেসিডেন্স লা কোটা কুইন্টা-তে রাতপ্রতি খরচ প্রায় ৮০ ইউরো। ৬. মারেম্মা, টাস্কানি: গ্রোসেটো শহরের পাশে মারেম্মার আঞ্চলিক পার্ক। এখানে সৈকতগুলোতে নেই কোনো ছাতা, বার বা বিচ ক্লাব। আদিম বালুকাময় সৈকতে পড়ে থাকা কাঠ দিয়ে ছোট ছোট অস্থায়ী ছাউনি নজর কাড়ে। 'মেরিনা দি আলবেরেসে' এখানকার সবচেয়ে জনপ্রিয় সৈকত। সাইকেল ভাড়া করে বুনো ঘোড়া এবং মারেম্মা গরু দেখতে সৈকতে চলাফেরা করা যায়। স্থানীয় ডেইরি ফার্ম 'লা মারেম্মানা'র মহিষের দুধের মোজারেলা চিজ বিখ্যাত। থাকা: আলবেরেসে এগ্রিটুরিসমো ইল মেলোগ্রানো দি বান্দিতেল্লা-তে খরচ ১২০ ইউরো থেকে শুরু।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন