প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানি স্ন্যাকস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যালবি তাদের কিছু জনপ্রিয় পণ্যের প্যাকেটের রঙ সাময়িকভাবে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি ইরানে চলমান সংঘাতের কারণে কালি তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদানের সরবরাহে বিঘ্ন ঘটার ফলস্বরূপ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, আগামী ২৫ মে থেকে জাপানের দোকানগুলোতে তাদের ১৪টি পণ্য নতুন সাদা-কালো প্যাকেটে পাওয়া যাবে। এই পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিস্পস ও চিংড়ির চিপস। এটি বিশ্বের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ওপর ইরান সংঘাতের প্রভাবের একটি উদাহরণ।
ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলার পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত কয়েক সপ্তাহে বিশ্বের বিভিন্ন কোম্পানি সতর্ক করেছে যে, জ্বালানি, প্লাস্টিক ও হিলিয়ামের মতো প্রয়োজনীয় উপকরণের সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের উৎপাদন ও ব্যবসায়িক খরচ বেড়ে যাচ্ছে।
এক বিবৃতিতে ক্যালবি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে কাঁচামাল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পণ্যের প্যাকেটের নকশায় পরিবর্তন আনা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরো জানায়, পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ ছাড়া ন্যাপথার সরবরাহও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেল পরিশোধনের উপজাত এই রাসায়নিক পদার্থ কালি ও প্লাস্টিক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল। ফলে এর সরবরাহে সংকট দেখা দেওয়ায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান সমস্যায় পড়ছে।
ইরান সংঘাত শুরুর পর থেকে এশিয়ার বাজারে ন্যাপথার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এতে এ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও ব্যবসায়িক খরচ বেড়েছে। জাপানের ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কেই সাতো মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যুদ্ধ শুরুর আগে জাপানের মোট ন্যাপথার চাহিদার প্রায় ৪০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হতো।
তিনি জানান, ন্যাপথার সরবরাহে যাতে কোনো ঘাটতি বা সংকট তৈরি না হয়, সে জন্য সরকার বিকল্প উৎস খুঁজে সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করছে। এর আগে গত এপ্রিল মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে ন্যাপথা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জাপান ন্যাপথার সরবরাহের উৎস বাড়িয়ে সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।
উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কারণ, জ্বালানি ও বিভিন্ন তেলজাত পণ্যের জন্য এসব দেশ মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এর প্রভাব পড়েছে জাপানের খাদ্যশিল্পেও। গত ১ মে দেশটির খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মিজকান’ পলিস্টাইরিনের পাত্রের সংকটের কারণে তাদের কয়েকটি পণ্যের বিক্রি সাময়িকভাবে বন্ধ করে দেয়। পাশাপাশি কিছু পণ্যের দামও বাড়িয়ে দেয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা ও হুন্দাই জানিয়েছে, কাঁচামাল ও উৎপাদন উপকরণের দাম বেড়ে যাওয়া এবং গাড়ি বিক্রি কমে যাওয়ায় তাদের মুনাফা কমেছে।
ইরান যুদ্ধের প্রভাবে জেট জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে অনেক এয়ারলাইন তাদের ফ্লাইট স্থগিত করেছে। কিছু এয়ারলাইন সাময়িকভাবে তাদের বিমান চলাচলও বন্ধ রেখেছে। জ্বালানির বাড়তি দাম ও বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে গত সপ্তাহে যুক্তরাজ্যের ফ্যাশন ব্র্যান্ড ‘নেক্সট’ ইউরোপের বাইরের কয়েকটি দেশে তাদের পণ্যের দাম সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন