প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন টিভি উপস্থাপক ও কমেডিয়ান স্টিভ হার্ভে জানিয়েছেন, তাঁর কনিষ্ঠ পুত্র ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। এই তথ্যটি তিনি শারজাহর শাসক শেখ সুলতান আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর জানান। ছেলের এই সিদ্ধান্তে তিনি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন।
হার্ভে ২০২৬ সালের শারজাহ আন্তর্জাতিক বইমেলার (এসআইবিএফ) ফাঁকে ধারণ করা এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
হার্ভে জানান, কনিষ্ঠ পুত্রের এই ইচ্ছায় তিনি মোটেও অবাক হননি। তাঁর ভাষ্যমতে, ছেলে জন্মের পর থেকেই তাঁর ভেতরে এমন এক অনুভূতি কাজ করত যে, সন্তানটি বড় হয়ে কোনো না কোনোভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে। সেই অনুভূতির কারণে তিনি ছেলের নাম রেখেছিলেন ‘আলী’ বলে উল্লেখ করেন।
তিনি সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমির সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। হার্ভে বলেন, আরব আমিরাতে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর ছিল শারজাহতে, যেখানে তিনি বইমেলায় অংশ নেন এবং শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন।
হার্ভে উল্লেখ করেন, মাত্র এক দিনের আলোচনায় এক আল্লাহর প্রতি বিশ্বাসের যে মূল ধারণা শেখ সুলতান তাঁকে বুঝিয়েছেন, তা ইসলাম সম্পর্কে তাঁর আগের অস্পষ্টতা দূর করে এক নতুন উপলব্ধি দিয়েছে।
এ সময় তিনি শারজাহ আমিরাতের ভূয়সী প্রশংসা করেন। হার্ভে একে শিক্ষা ও সংস্কৃতির কদর করা এক শান্তিপূর্ণ স্থান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, পরিবার, উদ্যোক্তা এবং যাঁরা স্থিতিশীলতা ও ব্যক্তিসম্মান খুঁজছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী জায়গা। বহু বছর ধরেই তাঁর এখানে আসার ইচ্ছা ছিল উল্লেখ করে তিনি অন্যদেরও নিজ চোখে জায়গাটি ঘুরে দেখার আহ্বান জানান।
স্টিভ হার্ভে এই সফরকে নিজের ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন। তবে তাঁর ছেলে ইসলাম গ্রহণের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি। এর আগে গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে সংবাদমাধ্যম ‘গালফ টুডে’ হার্ভের এই বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন