প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য দূর করতে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে সরকারের কেন্দ্রীভূত অবকাঠামো এবং সঞ্চালন ব্যবস্থার যে সীমাবদ্ধতা রয়েছে, তার কারণেই কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিয়েছে, তবে এই সমস্যা ধাপে ধাপে দূর করা হবে।
তিনি আরও বলেছেন, অতীতের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কিছু একটি বৈষম্য থাকলেও সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তা ধাপে ধাপে দূর করতে কাজ করছে।
আজ রাজধানীর নবাব আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন, সঞ্চালন নেটওয়ার্কের শক্তিশালীকরণ এবং গ্রাহকসেবা উন্নয়নের হাত ধরে শহর এবং গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহের বিদ্যমান বৈষম্য দূর করার কার্যক্রম চলছে।
তিনি আরো জানান, সরকার বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব আরোপ করছে। তাই নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে।
বিশেষ ক্ষমতা আইনের আওতায় বিদ্যুৎকেন্দ্রের চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইলে এসব চুক্তি রাতারাতি বাতিল করতে পারে না। কারণ এই চুক্তিগুলো আইনগতভাবে বলবৎ রয়েছে। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে যেখানে সম্ভব, চুক্তির শর্ত পুনর্বিবেচনা ও সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কোন অঞ্চলেই একতরফাভাবে চুক্তি বাতিল করা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে জুন মাসের বিদ্যুৎ বিল সম্পর্কিত বিদ্যুৎ বিভাগের লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, সম্প্রতি জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে কিছু প্রশ্ন এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রকৃত তথ্য উদঘাটনে সকল বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করেছে এবং অধিকাংশ অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। যদি কোথাও দায়িত্ব অবহেলা বা গ্রাহক হয়রানির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুতের নতুন ট্যারিফ কার্যকর হওয়ার কারণে একই পরিমাণ বিদ্যুত ব্যবহার করলেও জুন মাসে গ্রাহকদের মোট ব্যয় বেড়ে গেছে। এর ফলে, প্রিপেইড গ্রাহকদের আগের তুলনায় অধিক ঘন ঘন রিচার্জ করতে হচ্ছে, যা কিছু গ্রাহকের কাছে সাময়িকভাবে অস্বাভাবিক অর্থ কর্তন বলে মনে হতে পারে।
সচিব আরও বলেন, যেসব গ্রাহক দাবি করছেন যে, একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও আগের তুলনায় বেশি বিল এসেছে, তাদের মনে রাখতে হবে যে, মিটারগুলো আগের মতোই একই প্রযুক্তিগত এবং গাণিতিক পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার পরিমাপ করছে। তাই নতুন ট্যারিফ কার্যকর করার সঙ্গে সঙ্গে মিটারে হঠাৎ কোনো কারিগরি ত্রুটি হওয়ার সুযোগ নেই। বিল বৃদ্ধির মূল কারণ হলো নতুন ট্যারিফের প্রভাব।
তিনি আরো জানান, প্রিপেইড গ্রাহকদের মধ্যে অনেকেই মাসের শেষে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে সর্বোচ্চ ট্যারিফ স্তরে পৌঁছে যাচ্ছেন। ফলে তাদের ওই হারে বিল পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে।
মিরানা মাহরুখ বলেন, সাম্প্রতিক সময়ে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, তীব্র গরম, চলমান ফুটবল বিশ্বকাপ এবং এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইসঙ্গে বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, রেফ্রিজারেটরসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহারে বৃদ্ধি ঘটেছে। গ্রামাঞ্চলেও ফ্রিজ, টেলিভিশন, রাইস কুকার, ব্লেন্ডার এবং ইলেকট্রিক কেটলির ব্যবহার বেড়েছে, যার ফলে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, গ্রাহকদের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না দিয়ে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি ধরে রেখেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নের জন্য কাজ চলছে।
যাদের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানিয়ে সচিব বলেন, প্রয়োজন হলে মিটার পরীক্ষা, বিল পুনঃযাচাই এবং অভিযোগ নিষ্পত্তির জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, আগে বিল পরিশোধে বিলম্ব হলে মাসিক ২ শতাংশ চক্রবৃদ্ধি হারে বিলম্ব মাশুল আরোপ করা হলেও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বর্তমান নির্দেশনা অনুযায়ী এখন মোট বকেয়া বিদ্যুৎ বিলের ওপর এককালীন ৫ শতাংশ বিলম্ব মাশুল আরোপ করা হয়।
সচিব বলেন, জনগণের স্বার্থ সংরক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতকে দীর্ঘমেয়াদে টেকসই ও আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন