প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চার বছর পর ফের নেকড়েমানবের চরিত্রে পর্দায় ফিরতে চলেছেন বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান। পরিচালক অমর কৌশিক নিশ্চিত করেছেন যে, তার অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভেড়িয়া’র সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ নির্মাণ করা হচ্ছে। তবে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ এখনও চলছে।
গত ২৫ নভেম্বর ‘ভেড়িয়া’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেছেন অমর কৌশিক। এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে, যেখানে একটি নেকড়ে ঘরের ভেতর আটকা পড়ে এবং পরে নেকড়েমানবে রূপান্তরিত হয়ে পরিচালকের অফিসে তাণ্ডব চালায়। ভিডিওতে দেখা যায়, নেকড়েমানবটি একটি ল্যাপটপও ছুড়ে ফেলে।
ভিডিওটির মাধ্যমে মজার ছলে বোঝানো হয়েছে যে, ‘ভেড়িয়া’র চরিত্র ভাস্কর পরবর্তী সিনেমার চিত্রনাট্য লেখা শেষ হওয়ার অপেক্ষায় অধৈর্য হয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে পরিচালক উল্লেখ করেছেন যে, চিত্রনাট্য লেখার দেরির কারণে ‘ভেড়িয়া’ খুব একটা খুশি নয়। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, শিগগিরই আসছে ‘ভেড়িয়া ২’।
এখনও সিনেমাটির গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ সম্পর্কে নির্মাতার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দ্বিতীয় কিস্তিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে চলতি মাসের শুরুতে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননের সঙ্গে অমর কৌশিকের পুনর্মিলন ঘটে। তারা একসঙ্গে ‘অবসেশন’ সিনেমার হিন্দি ডাব সংস্করণের প্রচারে অংশ নেন। তাদের একসঙ্গে দেখে ‘ভেড়িয়া ২’ নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। এবার পরিচালকের ঘোষণায় সেই জল্পনা সত্যি হলো।
২০২২ সালের ২৫ নভেম্বর মুক্তি পায় ‘ভেড়িয়া’। সিনেমাটিতে বরুণ ভাস্কর নামের এক সড়ক নির্মাণ ঠিকাদারের চরিত্রে অভিনয় করেন। অরুণাচল প্রদেশের জঙ্গলে একটি নেকড়ের কামড়ের পর তার জীবনে অদ্ভুত পরিবর্তন আসে এবং তিনি ধীরে ধীরে নেকড়েমানবে রূপ নিতে শুরু করেন।
সিনেমাটিতে বরুণের বিপরীতে চিকিৎসক অনিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অভিষেক ব্যানার্জি, দীপক ডোব্রিয়াল ও পালিন কাবাক। দিনেশ ভিজানের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসের সিনেমাটি ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন