প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালী-ঢাকা রুটের ট্রেন যোগাযোগব্যবস্থা বন্ধের পথে রয়েছে। বর্তমানে একটি মাত্র ট্রেন চলাচল করছে, সেটিও অনিয়মিত। দিন দিন একের পর এক ট্রেন বন্ধ হওয়ার ফলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যাত্রীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, অতীতে নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর নোয়াখালী এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন চলাচল করতো। এই ট্রেনগুলো যাত্রীবান্ধব ছিল এবং নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ এই ট্রেনগুলোতে যাতায়াত করতেন। লোকাল ট্রেনের মাধ্যমে সোনাইমুড়ী, চৌমুহনী, মাইজদী, সোনাপুরের ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে তাদের মালামাল আনা-নেওয়া করতেন, যা সময় ও খরচ দুটিই বাঁচাতো।
বর্তমানে শুধু উপকূল এক্সপ্রেস চালু রয়েছে, অন্য সব ট্রেন বন্ধ হয়ে গেছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়ে চলেছে। যদিও উপকূল এক্সপ্রেস চালু আছে, যাত্রী হয়রানি এবং সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে। ট্রেনটি ভোরে নোয়াখালী থেকে ছেড়ে যাওয়ার কারণে যাত্রী সংকট দেখা দেয় এবং রাতে নোয়াখালী আসার সময় যাত্রীরা অনেক সময় চুরি ও ছিনতাইয়ের শিকার হন।
সেনবাগ থেকে আসা আবু বকর ছিদ্দিকের সঙ্গে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশনে কথা হলে তিনি জানান, "এক সময় আমরা কুমিল্লা, লাকসাম, ঢাকা যেতাম ট্রেনের মাধ্যমে। একাধিক ট্রেন থাকায় যখনি আসতাম ট্রেনের টিকিটে পেতাম। সহজেই গন্তব্যে চলে যেতাম। এখন ট্রেন না থাকায়, স্টেশনেও তেমন আশা পড়ে না। ট্রেন যাতায়াত সহজ। সময় ও খরচ দুটি সাশ্রয় হয়।" অন্যদিকে, ট্রেন না থাকায় বাসসহ অন্যান্য যানবাহনে যাতায়াত করতে হয়, যা সময় ও খরচ বাড়িয়ে দেয়।
চৌমুহনী রেলওয়ে স্টেশনের পাশের বাসিন্দা সাকাওয়াত উল্যাহ জানান, "এক সময় স্টেশনগুলো ছিল জনসমাগমে ভরা। ট্রেন না আসায় এখন জনমানবশূন্য। স্টেশনের আশপাশের খাবার হোটেল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধের পথে। কাস্টমার না থাকায়, ব্যবসায় লোকসান গুনছে তারা।"
বৃহত্তর নোয়াখালী রেল উন্নয়ন ফোরামের সভাপতি সাজ্জাদুল ইসলাম জানান, "নোয়াখালী-ঢাকা রুটে ট্রেন সার্ভিস বাড়ানো ও চট্টগ্রাম-ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক রেল নেটওয়ার্ক স্থাপনে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসলেও কোনো কাজ হচ্ছে না। এ বিষয়ে সম্প্রতি আমরা রেল মন্ত্রণালয়ের সচিব বরাবর দরখাস্ত করেছি। কিন্তু কোনো অগ্রগতি দেখছি না।"
চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল জানান, "আগের নোয়াখালীর ব্যবসা-বাণিজ্যের প্রচার ঘটেছিল রেল যোগাযোগ উন্নত থাকার কারণে। ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য। আমরা চাই দ্রুত সরকার যেন নোয়াখালী-ঢাকা রুটে রেল যোগাযোগ উন্নত করে আগের মতো যাত্রী বান্ধব সেবা দেয়।"
চৌমুহনী রেলওয়ে স্টেশন মাস্টার ফখরুল ইসলাম নোমান জানান, "ইঞ্জিন ও রেক সংকট দূর হলে এই সমস্যা আর থাকবে না। স্টেশনগুলো আগের মতো জনসমাগমে পূর্ণ হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন