প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণী তারকা বিজয় সেতুপতি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে নতুন ইতিহাস গড়তে চলেছেন। ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি পুরস্কার উপস্থাপকের ভূমিকায় উপস্থিত থাকবেন। এই উপলক্ষে, তিনি প্রথম ভারতীয় হিসেবে এই আয়োজনের মঞ্চে পুরস্কার তুলে দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা তার জন্য একটি বিশেষ অর্জন।
আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। বিজয় সেতুপতির উপস্থিতিকে ভারতীয় বিনোদনজগতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এর আগে, ২০১৬ সালে লস অ্যাঞ্জেলেসে ৬৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উপস্থাপনা করেছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ছিলেন হলিউড অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে মঞ্চে। তবে প্রাইমটাইম এমি ও আন্তর্জাতিক এমি দুটি আলাদা আয়োজন, ফলে বিজয় সেতুপতির আন্তর্জাতিক এমির মঞ্চে উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করছে।
এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও বিজয় সেতুপতি ব্যস্ত সময় পার করছেন। তার সর্বশেষ সিনেমা ‘বাথা’ মুক্তি পেয়েছে। এরপর তিনি নির্মাতা মণি রত্নমের প্রতীক্ষিত রোমান্টিক সিনেমা ‘ইঞ্জি বেললাম’-এ অভিনয় করবেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।
অন্যদিকে, বিজয় সেতুপতির ২০২৪ সালের তামিল থ্রিলার ‘মহারাজা’ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ছবিটি হলিউডে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চীনে সিনেমাটির সাফল্যের পর হলিউডের একটি প্রযোজনা সংস্থা এর পুনর্নির্মাণের স্বত্ব পেতে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক সুধন সুন্দরম।
দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সুধন সুন্দরম জানিয়েছেন, চীনে প্রেক্ষাগৃহ ও ওটিটি—দুই মাধ্যমেই ‘মহারাজা’ ভালো সাড়া পেয়েছে। স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ছবিটির আয় ৯১ কোটি ৬৫ লাখ রুপি। এই সাফল্যের পরই হলিউডের একটি সংস্থা ছবিটির পুনর্নির্মাণের স্বত্ব নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
প্রযোজকের ভাষ্য অনুযায়ী, হলিউডের একজন প্রথম সারির অভিনেতাকে যুক্ত করে প্রকল্পটি এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির হলিউড সংস্করণে ম্যাথিউ ম্যাককনাহির অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সুধন সুন্দরম জানিয়েছেন, ম্যাককনাহির নাম আলোচনায় থাকতে পারে। কিন্তু ছবির অভিনয়শিল্পী ও স্টুডিও সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য সংশ্লিষ্ট হলিউড প্রযোজনা সংস্থাই জানাতে পারবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন