প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী মহাসড়ক পারাপারে জীবন-মরণের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই পরিচালনা কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবক ও জনপ্রতিনিধিরা কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তবে ৩৮ বছর অতিবাহিত হলেও বৃহত্তর জনগণের এই প্রাণের দাবি আজও পূরণ হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, বর্তমানে বিদ্যালয়ে ৬৩৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং বাংলা বিষয়ের শূন্যপদসহ ১৪ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার্থীদের মধ্যে ৯০ শতাংশ ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে আসে। পারাপারের চরম ঝুঁকি থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করতে এবং পাঠাতে সাহস পান না। ওভারব্রিজের অভাবে অভিভাবকেরা সব সময় দুশ্চিন্তায় থাকেন, একইভাবে শিক্ষকেরাও আতঙ্কে থাকেন।
বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হোসেন আলী বলেন, ‘আমি দীর্ঘদিন বিদ্যালয়টির সভাপতি ও দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীর দাবি পূরণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বারবার মানববন্ধন করে আলোড়ন সৃষ্টি করলেও উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা ছিল নীরব। ২০১৮ সালে তৎকালীন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়ে এক বিশাল সমাবেশে ওভারব্রিজ নির্মাণের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।’
একাধিক অভিভাবক জানান, সন্তানকে স্কুলে পাঠিয়ে তাঁরা সব সময় দুশ্চিন্তায় থাকেন। অনেক সময় তাঁরা নিজ দায়িত্বে সন্তানদের রাস্তা পার করে স্কুলে পৌঁছে দিয়ে যান। মহাসড়কে যানজট ও দ্রুতগতির যানবাহনের কারণে এখানে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব নুরুল আমিন বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে প্রতিদিন বিদ্যালয় শুরুর আগে এবং ছুটির পর শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের পারাপারে সহযোগিতা করেন।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উপজেলা নাগরিক কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন মহাসড়কের সংযোগস্থলে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন