প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের ডাসার উপজেলায় প্রবাসীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডাসার উপজেলা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের ভাগিনা সেলিম বেপারী। তিনি অভিযোগ করেন, প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদার ২০২৪ সালে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় ১০১ শতাংশ জমি ক্রয় করেন। পরে বিপুল অর্থ ব্যয়ে জমিটি বালু দিয়ে ভরাট করা হয়। বর্তমানে সেখানে প্রায় ৫০০টি ফলদ গাছ, দুটি টিনের পাকা বসতঘর, একটি শেড ঘর এবং পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় নুর জাহান বেগম, দেলোয়ার বেপারী, জানে আলম বেপারী, ইব্রাহিম বেপারী, শাহ আলম বেপারী ও সাকিব বেপারীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে বাধা প্রদান, মিথ্যা মামলা দায়ের এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।
প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের স্ত্রী মুর্শেদা বেগম বলেন, “আমার স্বামী প্রবাসে কষ্ট করে উপার্জিত অর্থ দিয়ে জমিটি ক্রয় করেছেন। সেখানে আমরা একটি পাঁচতলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তি আমাদের কাজে বাধা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী মেহেদী হাসান কুদ্দুস সরদারের বাবা নুরু সরদার, মা মনোয়ারা বেগম, স্ত্রী মুর্শেদা বেগম, ছেলে মুরাদ সরদার, ভাগিনা সেলিম বেপারী, রফিকুল ইসলাম রফি, নুর আলম ফকির, সিরাজ ফকির, ওসমান সরদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন