প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি চমক নিয়ে আসছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। এবার ছবি বা ভিডিওর পাশাপাশি স্টিকারের সঙ্গে শব্দ যুক্ত করার সুযোগ আসছে। নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও থেকে স্টিকার তৈরি করতে পারবেন এবং তাতে ভিডিওর মূল অডিও, নিজের কণ্ঠে রেকর্ড করা শব্দ অথবা ফোনে সংরক্ষিত অডিও ফাইল যুক্ত করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা স্টিকারে ট্যাপ করলে নির্দিষ্ট শব্দ বা অডিও শোনা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়াবিটাইনফোরের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ সংস্করণের পরীক্ষামূলক হোয়াটসঅ্যাপ আপডেটে নতুন এই সুবিধাটি দেখা গেছে। তবে ফিচারটি এখনো পরীক্ষাধীন অবস্থায় রয়েছে, তাই সব ব্যবহারকারী একসঙ্গে এটি ব্যবহার করতে পারছেন না।
নতুন ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপের যেকোনো একটি চ্যাটে প্রবেশ করে স্টিকার আইকনে চাপ দিতে হবে। এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশন নির্বাচন করে ফোনের গ্যালারি থেকে পছন্দের একটি ভিডিও বেছে নিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটিকে স্টিকারে রূপান্তর করবে।
স্টিকার তৈরির পর পর্দার ওপরের মেনুতে নতুন ‘সাউন্ড’ আইকন দেখা যাবে। সেখানে চাপ দিলে ‘অ্যাড সাউন্ড’ নামে একটি অপশন পাওয়া যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওর নিজস্ব অডিও স্টিকারে যুক্ত করতে পারবেন। চাইলে নিজের কণ্ঠ রেকর্ড করে অথবা ফোনে আগে থেকে সংরক্ষিত কোনো অডিও ফাইল ব্যবহার করেও শব্দ যোগ করা যাবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে তৈরি করা শব্দযুক্ত স্টিকারটি সংরক্ষণ করে অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা পছন্দের ভিডিওর মজার দৃশ্য, পরিচিত সংলাপ কিংবা বিশেষ শব্দের সঙ্গে মিলিয়ে নিজের মতো করে স্টিকার বানানোর সুযোগ পাবেন।
নতুন এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওর জনপ্রিয় সংলাপ, গান কিংবা মজার শব্দ ব্যবহার করে সহজেই তৈরি করা যাবে ব্যক্তিগত স্টিকার। ফলে প্রচলিত নীরব স্টিকারের পাশাপাশি শব্দযুক্ত স্টিকারও চ্যাটে ব্যবহার করা যাবে।
তবে আপাতত ফিচারটি পরীক্ষামূলক পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহারকারীদের মধ্যেও সবাই এখনই এটি পাচ্ছেন না। কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন