প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে রাশিয়া ও চীন গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে—এমন খবরের গুরুত্ব কম দেখেছেন। তিনি দাবি করেছেন, ইরানের বিষয়ে দেশ দুটির সম্পৃক্ততা খুবই সীমিত। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, ইরানের কাছে ইউরোপে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্প সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইরান ইসরাইলসহ অন্যান্য দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে।
থ্যাংকসগিভিং দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ট্রাম্প একই বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে মধ্যপ্রাচ্যে শান্তি আমাদের প্রয়োজন।’ আগামী রোববার ওপেকের মন্ত্রীরা বৈঠকে বসবেন এবং সেখানে ২০২৭ সালের তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হবে।
থ্যাংকসগিভিং উপলক্ষে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করেন। সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গেও তারা কথা বলেন।
সেনাসদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করার মধ্য দিয়ে আপনারা শুধু আজ আমাদের দেশকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের আমেরিকানদেরও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি আমরা কোনো পদক্ষেপ নিই, তাহলে অবশ্যই পিকঅ্যাক্স মাউন্টেনে আঘাত হানব।’ তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রেখেছে। তার ভাষায়, ‘আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করছি। একটি চুক্তিতে পৌঁছে অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা তাদের সব ধরনের সুযোগ দিচ্ছি। তবে তারা এই সুযোগ কাজে লাগাবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’
ইরানকে রাশিয়া-চীনের সহায়তা নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষাপটে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে রাশিয়া ও চীন সহায়তা করছে। এসব তথ্য ব্যবহার করে তেহরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে বলেও খবর এসেছে। তবে ট্রাম্প এ ধরনের সহায়তার গুরুত্ব কম দেখেন।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক অসাধারণ ছিল। আমার মনে হয়, ইরানের বিষয়ে তাদের সম্পৃক্ততা খুবই কম। তারা চাইলে সম্পৃক্ত হতে পারে। তবে আমার কাছে সম্পৃক্ততা বলতে বোঝায় সরাসরি গুলি চালানো, তাদের সামান্য কিছু তথ্য দেওয়া নয়।’
এ সময় ট্রাম্প মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রও অন্য দেশের বিষয়ে একই ধরনের গোয়েন্দা তৎপরতা চালায়। তিনি বলেন, ‘একই কাজ আমরাও করি। আর তারা যখন বলে, হয়তো তারা আমাদের ওপর নজরদারি করছে, তখন মনে রাখতে হবে, আমরাও তাদের ওপর নজরদারি করি।’
ট্রাম্পের এসব বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে ইরান। গত শনিবার বাহরাইন জানিয়েছে, দেশটির একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলা হয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার কুয়েত জানিয়েছে, দেশটির একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ইরানের ড্রোন হামলায় ইতালির দুই কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো চারজন। তবে তেহরান এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাসদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাদের সেখানে মোতায়েন থাকার মেয়াদ অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় এখন হাতের নাগালে।
ট্রাম্প বলেন, ‘আপনাদের মোতায়েন অব্যাহত থাকবে। আর আমাদের বিজয় এখন হাতের নাগালে।’ তবে বিজয় ঘোষণা করার সময় কবে হবে, সেই সিদ্ধান্ত নিজের হাতে রাখার কথাও জানান তিনি। তার ভাষায়, ‘সত্যি বলতে, আমি যখন চাইব, তখনই বিজয় আসবে।’
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন