প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নির্বাচনী ইশতিহারে ঘোষিত কৃষকদের জন্য 'কৃষক কার্ড' বাস্তবায়নের উদ্দেশ্যে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে এ কার্যক্রমের প্রাথমিক পর্যায় উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি কৃষি ব্লকে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের সব কৃষি ব্লকে এই কার্যক্রম পরিচালিত হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের জন্য একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করার লক্ষ্যে এবং সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও অন্যান্য সেবা সহজে ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই তথ্য সংগ্রহ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষকদের তথ্য সংগ্রহের জন্য সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপসের মাধ্যমে কাজ হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিজ নিজ বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এজন্য কৃষকদের নিজ বাড়িতে উপস্থিত থাকতে হবে। তথ্য সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মূল কপি সঙ্গে রাখতে হবে।
এছাড়া একজন নমিনি নির্ধারণ করতে হবে, যিনি নিজ এনআইডির মূল কপিসহ উপস্থিত থাকবেন। কৃষি সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, "জাতীয় পর্যায়ের এই গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলার সকল কৃষক ও কৃষাণীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বাড়িতে গেলে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং কৃষক নিবন্ধন নিশ্চিত করুন।"
তিনি আরও বলেন, "কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে সরকারি কৃষি সহায়তা, বিভিন্ন প্রণোদনা এবং অন্যান্য কৃষিসেবা আরও দ্রুত ও কার্যকরভাবে প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।"
উপজেলা কৃষি অফিস জানায়, দেশের অন্যান্য উপজেলার মতো বালিয়াকান্দিতেও পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের সকল কৃষি ব্লকে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সরকারের কৃষক কার্ড বাস্তবায়ন উদ্যোগ সফল করতে সকল কৃষককে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন