প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘দৃশ্যম’ পরিবারের জন্য এবার খুনের রহস্যের সমাধানই যেন সবচেয়ে বড় পরীক্ষা। বিজয় সালগাওকার, যিনি এক দশক ধরে রহস্যের জাল বুনে চলেছেন, তৃতীয় কিস্তিতে এসে সেই জালে আটকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩ : দ্য কনক্লুশন’-এর ট্রেলার। ট্রেলারে স্পষ্ট হয়ে উঠেছে যে, অজয় দেবগন এবার আর সহজে পুলিশকে বোকা বানাতে পারবেন না।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’-এ দেখা গিয়েছিল, কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করা এক কিশোরকে দুর্ঘটনাবশত হত্যার পর বিজয় সালগাওকার পরিবারকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। এরপর তিনি স্ত্রী নন্দিনী ও দুই মেয়েকে নিয়ে একের পর এক পরিকল্পনা সাজান যাতে পুলিশকে ধোঁকা দিতে সক্ষম হন।
দ্বিতীয় কিস্তিতেও সেই বুদ্ধির লড়াই চলমান ছিল। কিন্তু তৃতীয় ছবিতে এসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
নতুন ট্রেলারের শুরুতেই তাবুর চরিত্র মীরা দেশমুখকে দেখা যায়। নিহত কিশোরের মা মীরা বছরের পর বছর ধরে বিজয়ের পেছনে ছুটছেন।
বিজয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এ বিষয়ে তাঁর সন্দেহ কখনো দূর হয়নি। তবে এতদিন তাঁর কাছে পোক্ত প্রমাণ ছিল না। এবার মীরার সঙ্গে যোগ দিয়েছেন আরো দুই শক্তিশালী চরিত্র।
প্রকাশ রাজকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। অন্যদিকে জয়দীপ আহলাওয়াত অভিনয় করেছেন অপরাধ দমন শাখার পুলিশ সুপারের চরিত্রে।
মীরার সঙ্গে হাত মিলিয়ে এই দুই চরিত্র এবার বিজয় ও তাঁর পরিবারকে এমনভাবে ঘিরে ফেলতে চাইছে, যাতে এক দশকের পুরনো সত্য প্রকাশিত হয়।
ট্রেলারে তাবুকে বলতে শোনা যায়, ‘আমি আর বিচার চাই না, প্রতিশোধ চাই।’
প্রকাশ রাজের চরিত্রকেও বিজয় সম্পর্কে সতর্ক থাকতে দেখা যায়। তাঁর বক্তব্য, বিজয় হয়তো খুব বেশি শিক্ষিত নন, কিন্তু মোটেও বোকা নন। তাই তাঁকে হালকাভাবে নেওয়া যাবে না।
অন্যদিকে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন বিজয়ও। অজয় দেবগনের চরিত্রটি উপলব্ধি করছে যে, তাঁর স্বাধীনতার দিন হয়তো শেষের পথে। তাই স্ত্রী নন্দিনী, বড় মেয়ে অঞ্জু ও ছোট মেয়ে অনুকে সতর্ক করে তিনি জানান, এবার আর এটি বুদ্ধির লড়াই নয়, বরং ভাগ্যের খেলা। ফলে সামনে কী অপেক্ষা করছে, তা আগে থেকে কোনোভাবেই প্রস্তুত করা সম্ভব নয়।
‘দৃশ্যম ৩’কে দশকব্যাপী হত্যারহস্যের ‘মহাকাব্যিক সমাপ্তি’ হিসেবে তুলে ধরা হয়েছে। সিনেমাটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ‘দৃশ্যম’-এর গল্পে ২ অক্টোবর তারিখটির বিশেষ গুরুত্ব থাকায় মুক্তির তারিখ নির্বাচন নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। এই তারিখকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মিম তৈরি হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এর আগে ‘দৃশ্যম ২’-ও নির্মাণ করেছিলেন তিনি। প্রথম কিস্তির পরিচালক নিশিকান্ত কামাত ২০২০ সালের আগস্টে মারা যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির দায়িত্ব নেন অভিষেক।
এবার ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। তবে দ্বিতীয় কিস্তিতে দেখা যাওয়া অক্ষয় খান্না এবার আর থাকছেন না। শুটিং শুরুর কিছুদিন আগে সিনেমা থেকে সরে দাঁড়ান তিনি।
সব মিলিয়ে ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার বলছে, এবার বিজয় সালগাওকারের সামনে শুধু পুলিশ নয়, প্রতিশোধপরায়ণ মীরা, অভিজ্ঞ আইনজীবী এবং অপরাধ দমন শাখার দক্ষ কর্মকর্তারাও রয়েছেন।
ফলে এক দশক ধরে যে বুদ্ধির খেলায় বিজয় এগিয়ে ছিলেন, তার শেষ অধ্যায়টি যে আরও ভয়ংকর হতে চলেছে, ট্রেলারেই মিলেছে সেই ইঙ্গিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন