প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। এই অভিযানের সময় অবৈধ জাল বিক্রির অভিযোগে দুটি মামলা দায়ের করে দুজনকে দণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাধবদী বাজারের সাপ্তাহিক হাটের দিনে জালপট্টিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল মজুত ও বিক্রির সময় দুই ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী পালিয়ে যান।
জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল জানান, জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে সেগুলো সরাতে দীর্ঘ সময় লেগেছে। অভিযানে আটক দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানকালে নরসিংদী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন