প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : সিটি করপোরেশনের মর্যাদা লাভের পর সিলেট ও বগুড়ায় নিম্ন আয়ের পরিবারের জন্য সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪০ হাজার নতুন কার্ড বরাদ্দের প্রস্তাব করেছে।
যদি এ প্রস্তাব অনুমোদন পায়, তাহলে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আওতায় কার্ডধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে জানান, সিলেট সিটি করপোরেশনের মর্যাদা পাওয়ার পর সেখানে নতুন কার্ডের প্রয়োজন দেখা দিয়েছে। এই কারণে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একইভাবে বগুড়াও সিটি করপোরেশনে উন্নীত হওয়ায় ওই এলাকার জন্য অতিরিক্ত কার্ডের আবেদন করা হয়েছে।
বর্তমানে টিসিবির কার্ড কর্মসূচির আওতায় এক কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে এবং বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। নতুন প্রস্তাবের পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু কার্ড যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে মোট উপকারভোগীর সংখ্যা প্রায় এক কোটি এক লাখে পৌঁছাতে পারে। তবে এ সংখ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও চূড়ান্ত বরাদ্দের সমন্বয়ের ওপর নির্ভর করবে।
টিসিবির চেয়ারম্যান জানান, অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে, যাতে তারা নিজ নিজ এলাকায় যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পারে।
তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তাই প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কার্ড বিতরণে অনিয়ম ও একই পরিবারের নামে একাধিক কার্ড থাকার সমস্যা এড়াতে টিসিবি উপকারভোগীদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়াও জোরদার করেছে। এ লক্ষ্যে গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে প্রায় ৬০ লাখ কার্ড বাতিল করা হয়েছে।
ফয়সল আজাদ বলেন, ডিজিটাল যাচাইয়ের ফলে একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড থাকার সুযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত যাচাই-বাছাইয়ের মাধ্যমে অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে এবং নতুন করে যোগ্য পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে কার্ডের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।
তবে ডিজিটাল যাচাইয়ের পাশাপাশি মাঠপর্যায়ে সরেজমিন যাচাইও প্রয়োজন বলে তিনি জানান। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাইয়ের কাজ এখনো সম্পন্ন হয়নি।
টিসিবির চেয়ারম্যান বলেন, উপকারভোগীদের যোগ্যতা যাচাইয়ের দায়িত্ব জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই করে থাকে।
তিনি বলেন, এসব উদ্যোগের উদ্দেশ্য হলো কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা, একই ব্যক্তি বা পরিবারের নামে একাধিক কার্ড কিংবা অনুপযুক্ত ব্যক্তির কার্ড পাওয়ার ঝুঁকি কমানো এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া।
সিলেট ও বগুড়ার জন্য অতিরিক্ত কার্ডের প্রস্তাব মূলত প্রশাসনিক পরিবর্তনের সঙ্গে উপকারভোগীর সংখ্যা সমন্বয়ের অংশ। ভবিষ্যতে আরও কোনো এলাকা সিটি করপোরেশনে উন্নীত হলে কিংবা সরকার কর্মসূচির আওতা বাড়ানোর সিদ্ধান্ত নিলে কার্ডের বরাদ্দ পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবশিষ্ট কার্ড বিতরণ ও উপকারভোগীদের তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে টিসিবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন