প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী বছরগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বহুগুণে এগিয়ে যাবে। তিনি উল্লেখ করেন, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক উন্নত হবে। দুই দেশের জনগণের মধ্যে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ঐতিহাসিক বন্ধন বিদ্যমান রয়েছে।
বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক সফর নিয়ে তিনি জানান, বাংলাদেশের স্পিকার, সংসদ সদস্য এবং সাংবাদিকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে পাকিস্তান সফর করছে। ইতোমধ্যে বাংলাদেশের স্পিকার পাকিস্তানের সামরিক একাডেমি পরিদর্শন করেছেন, যেখানে বাংলাদেশের ক্যাডেটরা প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন যে, আগামী দিনগুলোতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
সাংস্কৃতিক মেলবন্ধন এবং দুই দেশের মানুষের আবেগের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী আগের দিনের একটি অনুষ্ঠানের কথা স্মরণ করেন, যেখানে কিংবদন্তি অভিনেত্রী শবনম দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছিলেন।
বাংলাদেশিদের পাকিস্তান ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আতাউল্লাহ তারার বলেন, "আমি আমার বাংলাদেশি ভাই ও বোনদের পাকিস্তানে পর্যটনের জন্য আসার আহ্বান জানাই। আপনারা পরিবার নিয়ে পাকিস্তানের উত্তরাঞ্চল ঘুরে যান, যা দেখতে সুইজারল্যান্ডের মতো। ইসলামাবাদে আসুন। আমি যদি কোনো দোকানে গিয়ে বলি যে আমার এই বন্ধু বাংলাদেশ থেকে এসেছেন, বিশ্বাস করুন, আপনি যা-ই কিনবেন তারা কোনো টাকা নেবেন না। বাংলাদেশি ভাইবোনদের প্রতি পাকিস্তানের সাধারণ মানুষের অনুভূতি ঠিক এমনই।"
সাক্ষাৎকারে পাকিস্তানের সাম্প্রতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সংস্কারমুখী নেতৃত্ব এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বে বেসামরিক ও সামরিক প্রশাসনের চমৎকার সমন্বয় কাজ করছে। রাজনৈতিক স্বজনপ্রীতির বদলে মেধাভিত্তিক নিয়োগ এবং জনমুখী নীতির কারণে নাদরা-সহ (জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে এবং সৌদি আরব ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে।
আঞ্চলিক রাজনীতি এবং ভারত প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তান সামরিক ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং যুদ্ধে ভারতকে পরাজিত করেছে, যার ফলে ভারত যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। ভারতের সমালোচনা করে তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের মতো আন্তর্জাতিক ও বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখানোর চেষ্টা করে, আর নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে বাইরের সমস্যা হিসেবে চাপিয়ে দেয়। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। এ ছাড়া কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি ভারতকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ও দমন-পীড়নে জড়িত বলে অভিযুক্ত করেন।
আফগানিস্তান প্রসঙ্গে তথ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তান ৪০ বছর ধরে ৪০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে, কিন্তু আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করতে পাকিস্তান ইতোমধ্যে সীমান্তে অভিযান চালিয়েছে এবং ভবিষ্যতেও এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ‘প্রোপাগান্ডা’ মোকাবিলায় পাকিস্তান সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা চালু করেছে এবং টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন