প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সংসদ ভবন, ২৯ জুন, ২০২৬ : গ্রামীণ দারিদ্র্য ও দুস্থ নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ বিষয়ে আলোচনা করেন। মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র, দুস্থ ও অসচ্ছল নারীকে প্রতি মাসে ৩০ কেজি প্যাকেটজাত পুষ্টি চাল সরবরাহ করা হচ্ছে।
একই সঙ্গে চুক্তিবদ্ধ এনজিওর মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মকাণ্ড, সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে আত্মনির্ভরশীল হতে সক্ষম হবেন। তিনি যোগ করেন, মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েদের প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত প্রতি মাসে ৮৫০ টাকা ভাতা প্রদান করা হয়।
সাথে সাথে মাতৃস্বাস্থ্য, পুষ্টি, শিশুর পরিচর্যা এবং মনোসামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। বর্তমানে এ কর্মসূচির আওতায় ১৭ লাখ ৭১ হাজার ২শ’ জন উপকারভোগী রয়েছেন। মন্ত্রী আরও জানান, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে।
মৎস্যচাষ, হাঁস-মুরগি পালন, গরু-ছাগল মোটাতাজাকরণ, ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে এ ঋণ ব্যবহার করতে পারবেন। এ ঋণের জন্য ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রশিক্ষণপ্রাপ্ত কর্মক্ষম, স্বামী-পরিত্যক্ত ও বিধবা নারীরা আবেদন করতে পারবেন। একজন নারীর জন্য এককভাবে ২৫ হাজার থেকে ৭৫ হাজার টাকা এবং দলীয়ভাবে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। মন্ত্রী বলেন, জীবিকায়নের জন্য ৬৪ জেলার উপ-পরিচালকের কার্যালয়ের মাধ্যমে স্থানীয় চাহিদাভিত্তিক পাঁচটি ট্রেডে তিন মাস মেয়াদি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ১৯ হাজার ২শ’ নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ১১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন