প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মাড়াই কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে মাড়াই উদ্বোধন করার কথা জানিয়েছে মিল কর্তৃপক্ষ।
বুধবার (২৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মিল চালুর পূর্বে বিভিন্ন বিভাগ পরিদর্শন করছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-মহাব্যবস্থাপক (উৎপাদন) পরিমল সেন, ডিজিএম মোহাম্মদ মোফাকখারুল ইকবাল এবং যন্ত্রকৌশল বিভাগের ব্যবস্থাপক অপু কুমার পালসহ অন্যান্য কর্মকর্তারা। তাঁরা মাড়াই শুরুর পূর্বে যন্ত্রপাতি, উৎপাদন প্রক্রিয়া এবং প্রস্তুতি পরিদর্শন করেন।
মাড়াই শুরুর খবর জানার পর মধুখালীসহ মিল জোনের আখচাষিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদ এ বিষয়ে বলেন, গত মৌসুমে অতি বৃষ্টির কারণে আখের গোড়ায় পানি জমে ব্যাপক ক্ষতি হয়েছিল। অনেক জমির আখ নষ্ট হয়ে যায় এবং ফলনও কমে যায়, ফলে মিলের উৎপাদন ব্যাহত হয়। তবে এ বছর তেমন ক্ষতি হয়নি; আবহাওয়া অনুকূলে থাকায় আখের ফলন ভালো হয়েছে।
তিনি আরও জানান, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে মোট ৭৭ হাজার ১৮৭ দশমিক ৮০৮ মেট্রিক টন আখ মাড়াই হয়েছিল। আর ২০২৫-২৬ মৌসুমে ৭৫ হাজার ৯০৩ দশমিক ৭০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণ হলে মিল লাভবান হওয়ার আশা করা যাচ্ছে।
চাষিরা জানান, গতবারের তুলনায় এবার আখের ফলন ভালো হয়েছে এবং অনেক এলাকায় বাম্পার ফলন হয়েছে। সময়মতো মাড়াই শুরু হলে তাঁরা আখ সরবরাহ করে ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন।
মিল কর্তৃপক্ষ জানিয়েছে, মাড়াই মৌসুমকে সামনে রেখে যন্ত্রপাতি মেরামত, আখ সংগ্রহ ও পরিবহনসহ সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন