প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে দিনব্যাপী আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নগরের বাগানপাড়া এলাকায় উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।
রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষ এতে অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও জীবনধারা তুলে ধরেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জাতিগত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করা।
উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
আয়োজনের সভাপতিত্ব করেন আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদ্যাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রতন কুমার এবং বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও।
বক্তারা উল্লেখ করেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন অপরিহার্য।
তারা আরও বলেন, আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখা, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, সেই লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর নারী-পুরুষ নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিচয়ে অংশগ্রহণ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ফুলের মালা ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়।
অনুষ্ঠানে নবান্ন উৎসবের তাৎপর্য, কৃষিনির্ভর জীবনযাত্রা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংস্কৃতি মেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ, গান, পোশাক ও জীবনধারার বৈচিত্র্যময় উপস্থাপনা ছিল বিশেষ আকর্ষণ। মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও জীবনবোধ।
এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে দলীয় নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরের সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন