প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নির্মল সরকার (৪৬) নামের একজন পথচারী নিহত হয়েছেন। অন্যদিকে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ফয়জুল্লাহ (২৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত চালক ফয়জুল্লাহকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নির্মল সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের ভজন সরকারের ছেলে। অপরদিকে আহত ফয়জুল্লাহ মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা।
নিহত নির্মল সরকারের ছেলে নিপ্পন সরকার বলেন, সকাল ৮টার সময় তার বাবা রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার বাবা এবং মোটরসাইকেলের চালক দুজনেরই গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার বাবা মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানিয়েছেন, নির্মল সরকারের মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল, ফলে তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন