প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব কেন দেওয়া হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়নে কাজ করার হক আছে।’
আজ বুধবার বিকেলে সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের একটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ব্যাখ্যা প্রদান করেন।
সরকারি দলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য আরমান।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে মহিলা সংসদ সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো আসন নেই। আপনার বা আমার যেরকম নির্দিষ্ট আসন আছে, সেরকম নির্দিষ্ট কোনো আসন তাদের নেই। খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের জন্য কিছু জায়গা নির্দিষ্ট করেছি যে, তারা কোথায় কাজ করবেন।’
প্রধানমন্ত্রী মীর আহমদ বিন কাসেমকে উদ্দেশ করে বলেন, ‘আপনার নির্বাচনী এলাকায় একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের ব্যাপারে কীভাবে ভূমিকা রাখতে চান, সে বিষয়ে আপনার সম্পূর্ণ হক আছে। ঠিক তেমনিভাবে যেহেতু এই সংসদ নারী নেতৃবৃন্দকে বা নারী সংসদ সদস্যদেরকে নির্বাচিত করেছে, তাই তাদেরও একই রকমভাবে হক আছে, তাদের নিজ এলাকার মানুষের জন্য কাজ করার।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই যেটি নিয়ম আছে সরকারের, সেই নিয়ম অনুযায়ী আমরা এগোচ্ছি। আপনার এলাকার যদি কোনো উন্নয়নের বিষয়ে যদি আমার সহযোগিতা করার কিছু থাকে জানাবেন। আমি অবশ্যই করবো।’
জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি, এর মধ্যে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদেও সংরক্ষিত আসনে বিএনপি ৩৬, জামায়াতে ইসলামীরসহ ১১ দলীয় জোট ১২ ও স্বতন্ত্র ১ জন নারী নির্বাচিত হয়েছেন।
এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
বৈঠকে প্রথম ৩০ মিনিট পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এরমধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন