প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, এই খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।
তিনি সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তির উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান আরো বলেন, আমাদের জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর। খনিজ সম্পদের উন্নয়নে জিয়াউর রহমান বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বিগত ১০-১৫ বছরে এ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে ফেলা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি সমস্যার সমাধান রাতারাতি করা যায় না, তবে সরকার পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আনার চেষ্টা করছে এবং মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।
এ খাতে সরকার প্রায় ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে, এটি আমাদের দেশের জন্য অনেক বড় একটি ব্যাপার।
নজরুল ইসলাম খান আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের যে ডকুমেন্টস দেওয়া হয়েছিল, তা আমরা প্রতিটি দলের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি। সেখানে সংবিধান সংস্কারের জন্য 'সংশোধন' করার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সংশোধন শব্দটি মানা হচ্ছে না।
তিনি জানান, জুলাই সনদে বলা আছে- যারাই ক্ষমতায় যাবে, তারা নির্বাচনের আগে নিজেদের 'নোট অব ডিসেন্ট' জনগণের সামনে তুলে ধরবেন। সেই অনুযায়ী জনগণ যাদের রায় দেবে, তারা নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে। প্রধানমন্ত্রীর সংসদে জানানো হয়েছে, বড় ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা নিয়ে আলোচনা করা হবে। গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান আরও বলেন, সরকার নির্বাচনী ইশতেহার ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি যেন সেখানে কোনো আইনি সুবিধা না পান, সে বিষয়ে দেশটির সরকারের কাছে আবেদন করা হয়েছে। সব মিলিয়ে সরকার তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে।
সরকারের ছয় মাসের অর্জন প্রসঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে সরকার যা করতে পেরেছে, তা হয়তো খুব বেশি কিছু নয় তবে একেবারেই কমও নয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারকে সহযোগিতা করেছেন। যারা বিরোধিতা করেছেন, তারা হয়তো সহযোগিতার অংশ হিসেবেই তা করেছেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন