প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গায় উচ্চ শব্দে ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় দুই পুলিশ কর্মকর্তার ওপর মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চার কিশোরকে আটক করেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ কর্তৃক আটক হওয়া চার কিশোর হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার শ্রী শুকুর আলীর ছেলে সাকিব (১৭), সাইফুল ইসলামের ছেলে আহমেদ হোসেন (১৭), রাজ আহম্মেদের ছেলে রায়হান (১৮) এবং আব্দুল্লাহ মন্ডলের ছেলে আব্দুল (১৬)।
হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অভিযোগের তদন্ত শেষে সাদা পোশাকে আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে ফিরে আসছিলেন এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। তারা বন্ডবিল এলাকায় পৌছালে সেখানে দেখতে পান, ১২ থেকে ১৪ জন কিশোর ৬-৭টি সাইলেন্সার খোলা মোটরসাইকেলের পিছনে বসে উচ্চ শব্দ করে বেপরোয়া গতিতে চলাচল করছে।
এ সময় ওই দুই পুলিশ কর্মকর্তা তাদের ধীর গতিতে চলার নির্দেশ দেন। এতে কিশোররা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দিলেও তারা তা উপেক্ষা করে প্রথমে ধাক্কাধাক্কি করে এবং পরে একত্রিতভাবে তাদের ওপর হামলা করে।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় চার কিশোরকে আটক করা হয়। তবে তাদের সাথে থাকা অন্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আহত আলমডাঙ্গা থানার এএসআই সোহেল রানা জানালেন, ‘১২ থেকে ১৪ জন কিশোর ৬-৭টি সাইলেন্সার খোলা মোটরসাইকেলে চড়ে উচ্চ শব্দ করে বেপরোয়া গতিতে চলাচল করছিল। এ সময় তাদের গতি কমাতে বললে তারা উগ্রভাবে আমাদের ওপর আক্রমণ করে। আমরা পুলিশ পরিচয় দেয়ার পরও তারা আমাদের ওপর দলবদ্ধভাবে হামলা চালায়।’
এ ঘটনায় আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র জানান, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় চার কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন