প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের রামপালে দিনব্যাপী একটি মেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত এই মেলায় স্থানীয় নারী কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য, হস্ত ও কুটিরশিল্প, দেশীয় খাবার এবং পরিবেশবান্ধব কৃষিপ্রযুক্তি প্রদর্শিত হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রামপাল উপজেলার ফয়লা বাজারে ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এর সহযোগিতায় অ্যাকশনএইড বাংলাদেশ এ মেলার আয়োজন করে।
‘জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন, টেকসই গ্রামীণ অর্থনীতির প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলার উদ্বোধন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসী।
তিনি মন্তব্য করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারী কৃষকদের উৎপাদন ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের পাশাপাশি অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে এবং স্থানীয় পর্যায়ে টেকসই ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
উজলকুড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইআরভির ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট অ্যাকসেস (সিআরএফএমএ) প্রকল্পের সমন্বয়কারী সৌরভ ভদ্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য মো. আক্তার মোড়ল, ইউনিয়ন পরিষদের নারী সদস্য আসমা বেগম এবং সিআরএফএমএ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলমুজ্জামান ও জান্নাতুল ফেরদৌস।
মেলায় বিভিন্ন স্টলে স্থান পেয়েছে মৌসুমি শাক-সবজি, দেশীয় ফল, পিঠাপুলি, নকশিকাঁথা, কুশিকাটার সামগ্রী, বেতের তৈরি ল্যাম্পশেড, ঝুড়ি, ধামা, ফুলদানি, বাঁশের কুলা ও পুঁতির ব্যাগ। এসব পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে গ্রামীণ নারীদের সৃজনশীলতা, দক্ষতা এবং আয়বর্ধক কর্মকাণ্ডের সম্ভাবনা তুলে ধরা হয়।
মেলার অন্যতম আকর্ষণ ছিল জলবায়ু সহনশীল কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর প্রযুক্তি। সিআরএফএমএ প্রকল্পের স্টলে প্রদর্শিত হয় নারী কৃষকদের ব্যবহারের জন্য সহায়তাপ্রাপ্ত সৌরচালিত সেচপাম্প, সৌরবিদ্যুৎচালিত ডিম ফোটানোর ইনকিউবেটর, বিভিন্ন ধরনের শাকসবজি, দেশীয় ফল ও ভার্মি কম্পোস্ট সার।
আইআরভির বিভিন্ন প্রকাশনাও প্রদর্শিত হয়। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, মাটির উর্বরতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার সম্ভাবনা তুলে ধরা হয়। একই সঙ্গে কৃষিপণ্যের বাজারজাতকরণ ও বাজারসংযোগ সম্প্রসারণের মাধ্যমে নারীদের আয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন