প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুবাইয়ে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়। দুবাইয়ের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং সেখানে প্রায় দুই বছর ধরে সংসারও করেছেন তারা। সম্প্রতি, স্বামীর টানে ভারতের কেরালা থেকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বশুরবাড়িতে আসেন অশ্বিনী, যিনি আয়শা নামেও পরিচিত। ভিনদেশি নববধূকে এক নজর দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।
অশ্বিনীর স্বামী মাসুদ রানা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার অশ্বিনীর বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার তাগিদে মাসুদ রানা ২০২১ সালের শেষ দিকে দুবাই যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন। প্রায় তিন বছর পর ওই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন কেরালার তরুণী অশ্বিনী। একই কর্মস্থলে কাজ করতে গিয়ে তাদের পরিচয় ঘটে এবং একপর্যায়ে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মাসুদ রানা জানান, তারা একে অপরকে ভালোবেসে দুবাইয়ের আদালতে বিয়ে করেন। এরপর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর ধরে একসঙ্গে সংসার করছেন। সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন এবং পরে ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী।
অশ্বিনী জানান, দুবাইয়ের ওই রেস্তোরাঁয় কাজ করার সময় রানার সঙ্গে তার পরিচয় ঘটে। প্রথমে ভালো লাগা, পরে ভালোবাসা। দুজনের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তার পরিবারও এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাকে আপন করে নিয়েছেন। শ্বশুরবাড়ির সবাইকে ভালো মানুষ উল্লেখ করে অশ্বিনী বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুবই খুশি।
মাসুদ রানার মা জানান, দুবাইয়ে কাজ করার সময় ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন এবং পুত্রবধূকে পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন