প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগরিবের নামাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফেরার পরিকল্পনা ছিল দলিল লেখক মাইন উদ্দিনের (৩৬)। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হলো না; বাড়িতে ফিরেছে কেবল তাঁর নিথর দেহ। প্রিয়জনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি বালুবাহী ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে, যেখানে তিনি প্রাণ হারান।
নিহত মাইন উদ্দিন কবিরহাট উপজেলার একজন দলিল লেখক ছিলেন এবং কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
মাইন উদ্দিনের বন্ধু এবং কোম্পানীগঞ্জের স্থানীয় দলিল লেখক এএসএম নুর হোসাইন মিল্লাত জানান, “আমরা একসাথে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিস সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমি আমার অফিসে চলে আসি এবং মাইন উদ্দিন সিএনজি গাড়ির সামনে ওঠেন। গাড়িতে ওঠার পরপরই একটি ট্রাক্টর এসে গ্যাসচালিত সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।” সংঘর্ষের ফলে মাইন উদ্দিন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অবৈধ ট্রাক্টর এই সড়কে চলতি বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বারবার এমন প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন