প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের জন্য দেওয়া ইজারা ও কার্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল নিশি জারি করেছেন আদালত।
গতকাল ৮ নভেম্বর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন বলে আইনজীবীর দেওয়া একটি সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনকারী ভৈরবপুর মধ্যপাড়ার বাসিন্দা নুরুল কাদের সোহেল। তিনি বালু উত্তোলনের ইজারা প্রক্রিয়া, কার্যাদেশ এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে রিট পিটিশন নং ১৪৭৬২/২০২৬ দায়ের করেন।
রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, কিশোরগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স শফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামকে বিবাদী করা হয়েছে।
আইনজীবীর সার্টিফিকেটে বলা হয়েছে, ১৪৩৩ বঙ্গাব্দ সনের জন্য মেঘনা নদীর বালুমহাল ইজারা দেওয়ার লক্ষ্যে আহ্বান করা দরপত্র, ইজারা ও কার্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ২০২৪ সালের ২৫ জানুয়ারির হাইড্রোগ্রাফি রিপোর্ট এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা-২০২৩'-এর কয়েকটি বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
আদালত শুনানি শেষে রুল নিশি জারির পাশাপাশি চার মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন বলে সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী মো. আব্দুল হাইয়ের স্বাক্ষরিত সার্টিফিকেটটি ৯ নভেম্বর ২০২৬ তারিখে ইস্যু করা হয়েছে। এতে বলা হয়েছে, আদালতের আদেশ যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।
এদিকে হাইকোর্টের এই আদেশের ফলে ভৈরবের মেঘনা নদীর বালুমহাল ইজারা ও বালু উত্তোলন কার্যক্রমে কী ধরনের প্রভাব পড়বে, তা আদালতের মূল আদেশের পরিসর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে রিটকারী নূরুল কাদের সোহেল বলেন, ভৈরবের মেঘনা নদীতে ২০২৪ সালের একটি হাইড্রোগ্রাফি রিপোর্টের ভিত্তিতে জেলা বালুমহাল কমিটি ইজারা প্রদান করার পর নতুন কোনো হাইড্রোগ্রাফি জরিপ ছাড়া ওই পুরোনো রিপোর্টের ভিত্তিতে এই বছর দ্বিতীয়বার বালুমহালটি ইজারা দেওয়া হয়েছে। পুরোনো রিপোর্টের ভিত্তিতে পুনরায় ইজারা প্রদান করে সরকারি নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে তিনি পরবর্তীতে আপিল করবেন বলে জানান।
তিনি আরও বলেন, বালুমহাল থেকে অবৈধভাবে অতিরিক্ত ড্রেজারে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি নদীতীরবর্তী গ্রামগুলোও ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় আদালতের চার মাসের অস্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি বালুমহালটির ইজারা বাতিল করে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তিনি।
এবিষয়ে জানতে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স শফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি সাড়া দেননি। পরে ৪ মাসের নিষেধাজ্ঞা বিষয় লিখে হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন