প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী সপ্তাহে বৈঠকে বসার পরিকল্পনা করছেন, এমন তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনচেনে এপেক সম্মেলনে গেলে তিন নেতার ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, ‘বৈঠকের অন্য আলোচ্য বিষয়ের মধ্যে বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানো নিয়ে আলোচনা করবেন বলে প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন। তিনি বিশ্বাস করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বের জন্য বিপজ্জনক।’
বিবিসি জানিয়েছে, শেনচেনে বৃহস্পতিবার দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এ বৈঠকে ইরান প্রসঙ্গও আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ বিষয়ে মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রয়টার্সের খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা হলেও বৈঠকে কোনো চুক্তি প্রত্যাশা করা হচ্ছে না।
বিবিসি জানাচ্ছে, ২১টি সদস্য দেশের এপেক সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার রাতে শেনচেনে পৌঁছাবেন। বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করবেন। ২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফের দায়িত্ব গ্রহণের পর এটি হবে শি চিনপিংয়ের সঙ্গে তাঁর চতুর্থ বৈঠক।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া বলেছেন, ‘চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর চীন সফর শেষ করবেন।’ তিনি জানান, চীন সফরের আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর এই সফরের মাধ্যমে ‘যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন স্বার্থ এগিয়ে নেওয়া’ সম্ভব হবে। চলতি বছরের শুরুর দিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথ্য দিয়েছিলেন শি চিনপিং। অন্যদিকে, সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি চিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চীনে সম্মেলনের ফাঁকে এমন একটি বৈঠকের বিষয়ে নেতাদের প্রস্তুতির ‘ইঙ্গিত’ পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে দুই দেশের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর নেই। স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার সমাপ্তি ঘটেছে। যদিও জাতিসংঘ উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামো বা চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে বিদ্যমান চুক্তির পরিবর্তে তিনি আরো উন্নত একটি চুক্তি করতে পারেন।
সাম্প্রতিক সময়ে চীন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে। তবে নতুন চুক্তির বিষয়ে বিবিসিকে যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হতে পারে এবং এই প্রক্রিয়ায় কয়েক বছর লেগে যেতে পারে। সূত্র : রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন