প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফলে নিখোঁজ থাকার নয় দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথাসহ শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামের এক নারী এবং আবুল বশার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়। এর আগে, ১২ নভেম্বর, উপজেলার পোনাহুরা এলাকার ধানক্ষেত ও জমির আইল থেকে ওই ব্যক্তির একটি হাত এবং দুটি কাটা পা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত বিরোধের কারণে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করা হয় এবং মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রুহুল আমীন গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে, তার সন্ধান করতে গিয়ে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন তারা। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।
১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানক্ষেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেফতার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানক্ষেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয় রুহুল আমীনকে। পরে বশার ও তার সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন বলে পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে উঠে এসেছে। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ‘ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করা হয়। গ্রেফতার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন