প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মহান আল্লাহ তাআলা মানবজাতিকে কখনোই পথপ্রদর্শকহীন অবস্থায় ছেড়ে দেননি। যুগে যুগে, বিভিন্ন জাতি ও জনপদে মানুষকে সত্যের পথে পরিচালিত করতে তিনি নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁদের দায়িত্ব ছিল এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা, শিরক ও কুসংস্কার থেকে বিরত রাখা এবং ন্যায় ও সত্যের পথ দেখানো। পৃথিবীর এমন কোনো জাতি ছিল না, যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী ও পথপ্রদর্শক পাঠানো হয়নি। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো।’ (সুরা : নাহল, আয়াত : ৩৬)
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘এমন কোনো জাতি নেই, যার মধ্যে সতর্ককারী আসেনি।’ (সুরা : ফাতির, আয়াত : ২৪)
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ভারতীয় উপমহাদেশে কি কোনো নবী-রাসুলের আগমন ঘটেছিল? বিশেষ করে বর্তমান ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ভূখণ্ডে কি কোনো নবী মানুষের কাছে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছিলেন? পবিত্র কোরআনে বর্ণিত ২৫ জন নবী-রাসুলের নামের মধ্যে এমন কারও উল্লেখ নেই, যাঁর আগমনের স্থান হিসেবে এই উপমহাদেশকে নির্দিষ্ট করা হয়েছে। তবে কোরআনে যাঁদের নাম উল্লেখ করা হয়নি, তাঁদের আগমনও অসম্ভব নয়।
এদিকে ভারতের পাঞ্জাবের কয়েকটি স্থানে নবীদের সমাধি রয়েছে বলে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে প্রচলিত বিশ্বাস রয়েছে। বিশেষত বারাস নামের একটি অঞ্চলে প্রাচীরঘেরা কবরস্থানে অবস্থিত দীর্ঘাকৃতির কয়েকটি কবরকে নবীদের কবর হিসেবে পরিচয় দেওয়া হয়।
মানবজাতির ইতিহাসে নবুয়তের ধারা অত্যন্ত বিস্তৃত। আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁদের কেউ ছিলেন পরিচিত ও সুপ্রসিদ্ধ, আবার অনেকের নাম ও ঘটনা মানুষের অজানা রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর এমন অনেক রাসুল, যাঁদের কথা আমি আপনাকে পূর্বে বর্ণনা করেছি এবং এমন অনেক রাসুল, যাঁদের কথা আপনার কাছে বর্ণনা করিনি।’ (সুরা : নিসা, আয়াত : ১৬৪)
এই আয়াত থেকে বোঝা যায়, কোরআনে বর্ণিত নবী-রাসুলদের তালিকাই নবুয়তের পূর্ণ তালিকা নয়। তাঁদের বাইরে আরো অনেক নবী-রাসুল পৃথিবীতে এসেছেন। প্রচলিত একটি বর্ণনায় নবী-রাসুলের সংখ্যা এক লাখ ২৪ হাজার বলা হয়েছে। আর পবিত্র কোরআনে ২৫ জন নবীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাঁদের সবার আগমনস্থল কিংবা দাওয়াতের বিস্তৃত বিবরণ দেওয়া হয়নি। ফলে কোনো অঞ্চলে নবী-রাসুলের আগমন ঘটেছিল কি না, শুধু কোরআনে সেই অঞ্চলের নাম না থাকার ভিত্তিতে তা নাকচ করা যায় না।
নুহ (আ.)-এর বংশধর ও ভারতীয় উপমহাদেশের নামকরণের ঐতিহাসিক ধারণা
ভারতীয় উপমহাদেশে নবী-রাসুলদের আগমন সম্পর্কে আলোচনায় নুহ (আ.)-এর বংশধরদের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। ঐতিহাসিক ইবনে খালদুনসহ কয়েকজন ইতিহাসবিদের বংশতালিকায় নুহ (আ.)-এর পরবর্তী প্রজন্মের বিভিন্ন শাখার বিবরণ পাওয়া যায়।
প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুসারে, নুহ (আ.)-এর চার পুত্র ছিলেন—সাম, হাম, ইয়াফিছ ও ইয়াম বা কেনান। তাঁদের মধ্যে হামের বংশধরদের সঙ্গে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন জনগোষ্ঠীর সম্পর্ক স্থাপন করা হয়েছে। হামের পুত্রদের একজন হিসেবে হিন্দের নাম উল্লেখ করা হয়। আবার হিন্দের সন্তানদের মধ্যে বঙ্গ, পুরব, দখিন ও নাহরাওয়ালের নাম পাওয়া যায়। এসব নামের সঙ্গে বঙ্গদেশ, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নামের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছেন কিছু ঐতিহাসিক ও লেখক।
তবে এখানে মনে রাখা জরুরি, নুহ (আ.)-এর বংশধরদের নাম থেকে বর্তমান বিভিন্ন দেশ ও অঞ্চলের নামকরণের এসব বিবরণ ঐতিহাসিক বংশতালিকা ও মতামতের অংশ। তাই এগুলোকে কোরআন-হাদিসের অকাট্য তথ্য হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
এই প্রসঙ্গে বাংলার ইতিহাসবিষয়ক একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘রিয়াজুস সালাতিন’-এর বক্তব্য উল্লেখযোগ্য। গ্রন্থটির রচয়িতা গোলাম হুসাইন সেলিম নুহ (আ.)-এর মহাপ্লাবন-পরবর্তী মানববসতি বিস্তারের বিবরণ দিতে গিয়ে লিখেছেন, নুহ (আ.)-এর পুত্র হাম পিতার অনুমতি নিয়ে পৃথিবীর দক্ষিণাঞ্চলে বসতি স্থাপন করেন। তাঁর সন্তানদের মধ্যে হিন্দ, সিন্ধ, হাবাস, জানাজ, বারবার ও নিউবাহের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বসতি স্থাপনের অঞ্চলগুলো পরবর্তী সময়ে তাঁদের নামানুসারে পরিচিতি লাভ করে।
পাঞ্জাবের বারাস ও নবীদের সমাধিস্থল
ভারতের পাঞ্জাবের সেরহিন্দের আশপাশে বারাস নামে পরিচিত একটি অঞ্চলে নবীদের সমাধিস্থল রয়েছে বলে স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে প্রচলিত। একটি টিলার ওপর প্রাচীরঘেরা কবরস্থানে পাশাপাশি অবস্থিত দীর্ঘাকৃতির নয়টি কবর দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কবরস্থানের প্রবেশপথে লেখা রয়েছে—‘কুবুরে আম্বিয়া আলাইহিমুস সালাম’। অর্থাৎ নবীদের কবরসমূহ।
স্থানীয় জনশ্রুতি আছে, এসব কবর নবী-রাসুলদের। কোনো কোনো বর্ণনায় এখানে ১৩ জন নবীর সমাধি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আবার কেউ কেউ বলেন, এই অঞ্চলে অন্তত ৭৫ জন নবীর কবর রয়েছে। তাঁদের মধ্যে পিতা-পুত্রও ছিলেন বলে কিছু বিবরণে দাবি করা হয়। পিতার নাম ইবরাহিম এবং পুত্রের নাম হজর বলে একটি বর্ণনা প্রচলিত রয়েছে।
মুজাদ্দিদে আলফে সানি (রহ.)-এর কাশফ
বারাসের নবীদের সমাধিস্থল সম্পর্কে আলোচনায় সবচেয়ে বেশি যে ব্যক্তিত্বের নাম উঠে আসে, তিনি হলেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সাধক শায়খ আহমাদ সেরহিন্দি (রহ.), যিনি মুজাদ্দিদে আলফে সানি নামে সুপরিচিত। ‘হুসনুল আজিজ’ গ্রন্থে তাঁর কাশফের মাধ্যমে এই স্থানে নবীদের কবর সম্পর্কে অবগত হওয়ার একটি বিবরণ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, তিনি একসময় সেরহিন্দের বাইরে দক্ষিণ-পূর্ব দিকে কয়েক মাইল দূরে বারাস অঞ্চলে গিয়ে জোহরের নামাজ আদায় করেন। নামাজের পর দীর্ঘ সময় মুরাকাবায় নিমগ্ন থাকেন। এরপর সঙ্গীদের জানান, কাশফের মাধ্যমে তাঁর কাছে প্রতীয়মান হয়েছে যে, এই স্থানে বহু নবীর কবর রয়েছে।
মাওলানা সৈয়দ জাওয়ার হুসাইনও তাঁর লেখায় ঘটনাটির অনুরূপ বিবরণ তুলে ধরেছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, মুজাদ্দিদে আলফে সানি (রহ.) কাশফের মাধ্যমে সেখানে বহু নবীর সমাধির অস্তিত্ব উপলব্ধি করেছিলেন।
আলেম-আউলিয়াদের দৃষ্টিতে বারাসের কবরগুলো
বারাসের নবীদের কবর সম্পর্কে পরবর্তী সময়েও উপমহাদেশের বেশ কয়েকজন বিশিষ্ট আলেম ও বুযুর্গের আগ্রহের কথা জানা যায়। প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভি (রহ.)-এর বক্তব্য হিসেবে উদ্ধৃত করা হয়, এসব কবর নবীদেরই হওয়ার ব্যাপারে তাঁর মন সাক্ষ্য দেয়। এ ছাড়া শায়খুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া (রহ.), হজরতজি মাওলানা ইউসুফ কান্ধলভি (রহ.) এবং দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা রফিউদ্দিনসহ উপমহাদেশের আরো অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এসব কবর জিয়ারত করেছেন।
সংরক্ষণের উদ্যোগ ও বর্তমান অবস্থা
বারাসের এই নবীদের সমাধিস্থলকে ঘিরে স্থানীয়ভাবে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে হাজি মুহাম্মদ নিজামুদ্দিন কোটলাবি নামের এক ব্যক্তি এর দেখভাল ও উন্নয়নের দায়িত্বে রয়েছেন। তাঁর প্রচেষ্টায় সেখানে মক্তব ও হিফজখানা চালুর কথাও জানা যায়।
কবরস্থানের পশ্চিম পাশে রয়েছে ‘মসজিদে আম্বিয়া’ নামে পরিচিত একটি মসজিদ। স্থানীয়দের দাবী, এটি নবীদের সঙ্গে সম্পর্কিত একটি প্রাচীন মসজিদ।
পৃথিবীর জানা-অজানা প্রান্তরে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া সব নবী-রাসুলের প্রতি রইল আমাদের অগাধ শ্রদ্ধা ও সালাম। আল্লাহ তাঁদের সবার ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। আমিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন