প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ জাপান থেকে শুরু করে তাইওয়ান হয়ে ফিলিপাইনের উপকূল পর্যন্ত বিস্তৃত সমুদ্র অঞ্চলে চীনের ৫০টিরও বেশি সরকারি ও নৌবাহিনীর জাহাজ চলাচল করছে। এই তথ্যটি জানিয়েছেন তাইওয়ানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
তিনি উল্লেখ করেছেন, এই কার্যক্রম থেকে উদ্ভূত হুমকি স্পষ্ট। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। এই পরিস্থিতিতে চীনা যুদ্ধজাহাজ ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলোর চলাচলের বিষয়ে বিস্তারিত তথ্য ও মানচিত্র প্রকাশের উদ্যোগ জোরদার করেছে তাইওয়ান।
তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ বলেছেন, “আমরা তাদের তৎপরতার ওপর সতর্ক নজর রাখছি। তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জন্য একই সঙ্গে যে হুমকি তৈরি হয়েছে, তা স্পষ্ট।”
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে তিনি একটি মানচিত্র প্রকাশ করেন। ওই মানচিত্রে চীনের ৫৩টি জাহাজের অবস্থান চিত্রিত হয়েছে। এর মধ্যে ৩৪টি ছিল নৌবাহিনীর যুদ্ধজাহাজ। এই জাহাজগুলোর মধ্যে চীনের বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ও অন্তর্ভুক্ত ছিল।
মানচিত্র অনুযায়ী, লিয়াওনিং ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলো ফিলিপাইনের পূর্বে অবস্থান করছিল। এছাড়া, তাইওয়ানের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে কয়েকটি জাহাজের দল এবং জাপানের দক্ষিণ উপকূলের কাছে আরো তিনটি দলও ছিল। গত মে মাসে জোসেফ উ এক্সে একই ধরনের একটি মানচিত্র প্রকাশ করেছিলেন।
বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগ্যাং বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’-এর প্রশিক্ষণ একটি নিয়মিত বার্ষিক কার্যক্রম। এর মাধ্যমে দূর সমুদ্রে যুদ্ধ পরিচালনার সক্ষমতা পরীক্ষা করা হয়।
তিনি দাবি করেন, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। ফিলিপাইন ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
চীনা যুদ্ধজাহাজের চলাচল
বুধবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার কিউশু দ্বীপের কাছে সরু ওসুমি প্রণালি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশের সময় তারা চীনের তিনটি যুদ্ধজাহাজ ও একটি উপকূলরক্ষী বাহিনীর জাহাজের চলাচল পর্যবেক্ষণ করেছে। চলতি মাসের শুরুতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছিল, লিয়াওনিং একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়া কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না।
সাম্প্রতিক মাসগুলোতে জাপান ও ফিলিপাইনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটেছে। তাইওয়ানের প্রতি জাপানের সমর্থনে অসন্তুষ্ট বেইজিং। অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধও ক্রমেই তীব্র হচ্ছে।
বৃহস্পতিবার তাইপেতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু। তিনি বলেন, “ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে, এমন কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা আমরা সমর্থন করি না।”
তাইওয়ানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ফিলিপাইন সাগরে সামরিক মহড়া শেষ হওয়ার পর চীনের বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ ও এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলো জাপানের দিকে উত্তরমুখী যাত্রা চালিয়ে যায় কি না, তা পর্যবেক্ষণ করা হবে।
ওই কর্মকর্তা বলেন, “যদি জাহাজগুলো উত্তর দিকে এগোতে থাকে, তাহলে তা জাপানের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরো চাপ সৃষ্টির ইঙ্গিত দেবে।”
প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ খোলা রেখেছে চীন। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথ কখনোই পুরোপুরি বন্ধ করেনি চীন। তবে বেইজিং বলছে, তারা সামরিক পদক্ষেপের বদলে শান্তিপূর্ণ পুনর্মিলনকেই বেশি গুরুত্ব দেয়।
মার্কিন সামরিক সংবাদমাধ্যম ‘দ্য স্টারস অ্যান্ড স্ট্রাইপস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী এই আশঙ্কা মাথায় রেখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে যে, আগামী বছরের শুরুতেই চীন তাইওয়ানে হামলা চালাতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর কমান্ডার রোনাল্ড ক্লার্ক মঙ্গলবার হাওয়াইয়ের একটি ফোরামে এ কথা বলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লার্কের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, নিজেদের প্রতিরক্ষা ও হামলা প্রতিরোধের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে তাইওয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন