প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪০৩) এবং ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি এপাচি মোটরসাইকেল (ফরিদপুর-ল-১২-০০৮৩) মশাউজান এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নগরকান্দা উপজেলার চক নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল মাতুব্বর (২২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। রফিকুল একই গ্রামের কাওসার মাতুব্বরের ছেলে।
দুর্ঘটনার পর ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন