প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের সীমান্ত এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের দেশে প্রবেশের সম্ভাব্য পথ পর্যবেক্ষণের খবরের পর কুমিল্লার বিবিরবাজার সীমান্তে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে বিএনপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সীমান্ত এলাকায় বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। অন্যদিকে, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি এবং পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। বিবিরবাজার স্থলবন্দরের বিপরীতে ভারতের সীমান্তেও বিএসএফ সতর্ক অবস্থানে ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেনি যে সীমান্তের ওপারে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অবস্থান করছেন কি না।
বিক্ষোভস্থলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, তাদের কেউ কেউ সীমান্তের ওপারে ঘোরাফেরা করছেন। এ কারণে আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কুমিল্লার সব সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে সতর্ক অবস্থানে রয়েছি।”
ওয়াসিম আরও জানান, আগামী ডিসেম্বর মাসজুড়ে তাদের এ কর্মসূচি চলবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তে নজরদারি রাখার আহ্বান জানান তিনি। যাতে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন।
এ সময় বিএনপির নেতারা বিবিরবাজার স্থলবন্দরে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে বিজিবি ও এসআরবির সদস্যদের পাশাপাশি কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান সমকালকে জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল চলছে। তবে সীমান্তের ওপারে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসেছেন—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই।
রাত সাড়ে সাতটার দিকে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সমকালকে বলেন, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছায়। দলের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। দুপুরে তারা আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছান। প্রতিনিধি দলে আরও সাত থেকে আটজন নেতা ছিলেন। বিকেলে তারা আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিকেল চারটার দিকে আখাউড়া স্থলবন্দরে প্রতিবাদ ও বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন