প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে প্রয়াত শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শোক প্রকাশ করে বলেন, "নাবিলাসহ তার পরিবারের ছয় সদস্যের এভাবে চলে যাওয়া মহান আল্লাহর পক্ষ থেকে তাদের পরিবারসহ আমাদের সবার জন্য একটি পরীক্ষা।" তিনি আরও বলেন, "আল্লাহর এ পরীক্ষায় ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে উত্তীর্ণ হতে হলে জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর প্রতি আস্থা ও আনুগত্য বজায় রাখতে হবে।" তিনি মহান আল্লাহর কাছে প্রয়াত শিক্ষার্থীসহ তার পরিবারের সব সদস্যকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা করেন।
উপাচার্য আরও উল্লেখ করেন, "এ মর্মান্তিক ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত যে, ক্ষণস্থায়ী এ পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই।" তিনি বলেন, "তাহলে কারও মনে কষ্ট দেওয়া কিংবা কারও সঙ্গে খারাপ আচরণ করা আমাদের উচিত নয়।" মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের প্রত্যাশায় সবার সঙ্গে উত্তম আচরণ করা, মানুষের উপকারে এগিয়ে আসা এবং পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক। তারা নাবিলা ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. ছালাহ্ উদ্দিনের পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নাবিলা ও তার পরিবারের নিহত সদস্যদের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। পাশাপাশি শোকাহত স্বজনদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন