প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইবাদত-বন্দেগি, জিকির-আজকার এবং দ্বীনি আলোচনার মধ্য দিয়ে নীলফামারী সদর উপজেলার ঐতিহাসিক দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। দ্বীনের দাওয়াত ও ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে এই মহাসমাবেশে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লি।
একই ছাদের নিচে ঈমানী আবহ সৃষ্টি করতে আন্তর্জাতিক অঙ্গন থেকেও যুক্ত হয়েছেন ধর্মপ্রাণ মেহমানরা। আয়োজক সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবসহ বিশ্বের ৬টি দেশের ১২ জন বিদেশি নাগরিক এই আঞ্চলিক ইজতেমায় উপস্থিত থেকে দ্বীনের কাজ পরিচালনা করছেন।
দিনভর ইবাদত ও দ্বীনি বয়ান:
ইজতেমার মূল কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে মূল মঞ্চের আলোচনা। দেশ-বিদেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানবকল্যাণ, আত্মশুদ্ধি, দৈনন্দিন জীবনে ইসলামের নৈতিক মূল্যবোধের চর্চা এবং বিশ্বময় দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ওপর বিস্তারিত বয়ান পেশ করছেন।
আজ শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মূল প্যান্ডেল ছাড়িয়ে মহাসড়ক ও আশেপাশের খোলা মাঠেও পলিথিন ও চাটাই বিছিয়ে নামাজে শরিক হন লাখো মুসল্লি। জুমার খুতবায় ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গড়া ও বিশ্বশান্তির বাণী পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার ১১টায় আখেরি মোনাজাত:
জেলা তাবলিগ জামায়াতের পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল ৩১ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য খাস দোয়া করা হবে। আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকেই আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আরও বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছেন আয়োজকরা।
নিচ্ছিন্দ্র নিরাপত্তাব্যবস্থা:
ইজতেমা ঘিরে পুরো দারোয়ানী টেক্সটাইল মিল এলাকা ও আশপাশের আঞ্চলিক মহাসড়কে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়। নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান জানিয়েছেন, মুসল্লিদের নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত এবং অবস্থান নিশ্চিত করতে পুরো এলাকাকে দুটি বিশেষ সেক্টরে ভাগ করে ১৮৪ জন সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত রাখা হয়েছে।
এছাড়া পোশাকধারী পুলিশের সাথে সার্বক্ষণিক তৎপর রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের নজরদারি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর স্পেশাল টিম। যেকোনো জরুরি পরিস্থিতি বা স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের বিশেষ দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন