প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক একটি টিকা। ক্যামুপেপিমিউট নামের এই টিকা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সাম্প্রতিক একটি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, টিকাটি গ্রহণকারী রোগীদের মধ্যে প্রায় ৯৯ শতাংশের শরীরে ক্যানসারের সঙ্গে সংশ্লিষ্ট জিনগত পরিবর্তনের বিরুদ্ধে শক্তিশালী রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে, টিকাটি রোগীদের বেঁচে থাকার সময় উল্লেখযোগ্যভাবে বাড়াতে পেরেছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষকদের মতে, ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমাতে এবং ভবিষ্যতে আরও কার্যকর চিকিৎসা উদ্ভাবনে টিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিকের গবেষকরা।
গবেষকদের তৈরি টিকাটি কেআরএএস জিনের সাত ধরনের মিউটেশন বা জিনগত পরিবর্তন শনাক্ত করতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রস্তুত করে। অগ্ন্যাশয়ের ডাক্টাল অ্যাডেনোকার্সিনোমা নামের ক্যানসারের প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে এই জিনের পরিবর্তন পাওয়া যায়। এসব পরিবর্তন ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে।
টিকাটির বিশেষত্ব হলো, এটি সরাসরি লিম্ফ নোড বা লসিকাগ্রন্থিতে পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হওয়ার ক্ষেত্রে লসিকাগ্রন্থি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিকার কার্যকর উপাদানগুলো একটি চর্বিজাতীয় অণুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই অণু রক্তের অ্যালবুমিন নামের প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে উপাদানগুলোকে লসিকাগ্রন্থিতে পৌঁছে দিতে সহায়তা করে।
১৪৪ রোগীর ওপর পরীক্ষা
গবেষণাটির দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেন কেআরএএস জিনে মিউটেশন থাকা ১৪৪ জন অগ্ন্যাশয়ের ক্যানসার রোগী। অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেওয়ার পর তাঁদের শরীরে ক্যানসারের দৃশ্যমান কোনো লক্ষণ পাওয়া যায়নি।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের দৈবচয়নের ভিত্তিতে দুটি দলে ভাগ করা হয়। এর মধ্যে ৯৬ জনকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। বাকি ৪৮ জনকে কোনো টিকা না দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়।
ফলাফলে দেখা যায়, টিকা নেওয়া রোগীদের ক্যানসারমুক্ত থাকার গড় সময় ছিল ২৩ দশমিক ৮ মাস। অন্যদিকে টিকা না নেওয়া পর্যবেক্ষণ দলের রোগীদের ক্ষেত্রে এই সময় ছিল ২১ দশমিক ২ মাস। তবে দুই দলের মধ্যকার এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ছিল না। অর্থাৎ, টিকাটি রোগমুক্ত থাকার সময় বা বেঁচে থাকার সম্ভাবনা নিশ্চিতভাবে বাড়িয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
তবে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়ার ক্ষেত্রে ফলাফল ছিল বেশ আশাব্যঞ্জক। টিকা নেওয়া রোগীদের প্রায় ৯৯ শতাংশের শরীরে পরিবর্তিত কেআরএএস জিনের বিরুদ্ধে টি-সেল প্রতিক্রিয়া বেড়েছে। টি-সেল হলো শ্বেত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা রাখে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রতিরোধক্ষমতা দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিল। গবেষণা শুরুর ৪৬ সপ্তাহ পরও টিকা গ্রহণকারী ৯৫ দশমিক ৫ শতাংশ রোগীর শরীরে পরিবর্তিত কেআরএএস জিনের বিরুদ্ধে টি-সেলের প্রতিক্রিয়া শনাক্ত করা গেছে।
কাদের ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে
গবেষণায় এমন দুটি বিষয়ও উঠে এসেছে, যা ভবিষ্যতে কোন রোগীরা টিকা থেকে বেশি উপকার পেতে পারেন, তা বুঝতে সহায়তা করতে পারে।
প্রথমত, যেসব রোগীর রক্তে গবেষণার শুরুতে ক্যানসার কোষ থেকে নিঃসৃত ডিএনএর ক্ষুদ্র অংশ বা সিটিডিএনএ শনাক্ত করা যায়নি, টিকা নেওয়ার পর তাঁদের ক্যানসারমুক্ত থাকার সময় তুলনামূলক বেশি ছিল।
দ্বিতীয়ত, যেসব রোগী আগে রেডিওথেরাপি নেননি, তাদের শরীরে লিম্ফোসাইটের সংখ্যা বেশি পাওয়া গেছে। গবেষকদের ধারণা, এই বৈশিষ্ট্য টিকার বিরুদ্ধে ভালো রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরিতে সহায়তা করতে পারে।
গবেষণার প্রধান লেখক ও মায়ো ক্লিনিকের ক্যানসার বিশেষজ্ঞ বেন জর্জ বলেন, "টিকার বিরুদ্ধে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি শরীরের ভেতরে কী ধরনের জৈবিক পরিবর্তন ঘটছে, তা বুঝতে এবং পরবর্তী গবেষণার পরিকল্পনা করতে সহায়তা করবে।"
তিনি আরও জানান, পরীক্ষায় প্রায় সব রোগীর শরীরে কেআরএএস মিউটেশনের বিরুদ্ধে শক্তিশালী রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হওয়া আশাব্যঞ্জক। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, যাঁদের শরীরে টিকার প্রতিক্রিয়া বেশি ছিল, তাঁদের ক্যানসারমুক্ত থাকার সময়ও তুলনামূলক দীর্ঘ হওয়ার প্রবণতা রয়েছে।
ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা কঠিন হওয়ার অন্যতম কারণ হলো, অস্ত্রোপচার ও কেমোথেরাপির পরও এ রোগ ফিরে আসার ঝুঁকি বেশি। ক্যানসার কোষ দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং চিকিৎসার পরও শরীরের বিভিন্ন স্থানে থেকে যেতে পারে। নতুন টিকাটি এসব অবশিষ্ট ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করতে পারে কি না, সেটিই গবেষকদের অন্যতম আগ্রহের বিষয়।
এদিকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় আরও কয়েকটি টিকা নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে একটি প্রকল্পে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে রোগীর ক্যানসারের ধরন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে ওই প্রকল্পের প্রাথমিক ফলাফলও প্রকাশিত হয়।
বিশ্বজুড়ে অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রকোপও বাড়ছে। জার্নাল অব গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ক্যানসার-এ প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বিশ্বে এ ক্যানসারে আক্রান্তের নতুন সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৯৬ হাজার। ২০২২ সালে তা বেড়ে ৫ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ তিন দশকের ব্যবধানে রোগটির নতুন আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে।
এ ছাড়া তরুণদের মধ্যেও অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণীদের আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
গবেষকরা এখন পরীক্ষামূলক টিকাটির কার্যকারিতা আরও ভালোভাবে যাচাই এবং তৃতীয় পর্যায়ের বৃহত্তর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিতে চান। তাদের আশা, পরবর্তী গবেষণায় টিকাটি কোন রোগীদের ক্ষেত্রে বেশি কার্যকর, তা শনাক্ত করা সম্ভব হবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে; ক্যানসারের স্বীকৃত চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহারের অনুমোদন পায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন