প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর স্থায়ী সেতুর অভাবের কারণে প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগ ভোগ করছেন অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে স্কুল-কলেজ, হাট-বাজার ও কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। বর্ষা মৌসুমে সাঁকোটি যখন পানিতে তলিয়ে যায়, তখন নৌকাই হয়ে ওঠে তাদের জন্য একমাত্র ভরসা।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, উপজেলার সাদিপুর ইউনিয়নের গুলনগর এবং সনমান্দী ইউনিয়নের কুমারচর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র নদ। পঞ্চমীঘাট বাজারসংলগ্ন এ নদে কোনো সেতুর অভাব থাকায় কুমারচর, জোয়ারদী, দৌলরদী, ফতেপুর, গাংকুলকান্দি, দড়িকান্দি, সাজালেরকান্দীসহ আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষকে বাঁশের তৈরি অস্থায়ী সাঁকো ব্যবহার করে নদী পারাপার করতে হয়। প্রতিবছর খরা মৌসুমে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করলেও বর্ষা এলেই সেটি পানিতে তলিয়ে যায়। এ কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, অসুস্থ রোগী এবং অন্তঃসত্ত্বা নারীদের জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পার হয়ে যেতে হয়।
ফতেপুর গ্রামের বাসিন্দা গাজী সাখাওয়াত জানালেন, বাজারের মালামাল ও কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হতে হয় স্থানীয়দের। তিনি বলেন, "ফসলের বোঝা নিয়ে বাঁশের সাঁকো পার হওয়া খুবই কষ্টকর। গত ৫০ বছরে এই সাঁকো পার হতে গিয়ে শত শত মানুষ আহত হয়েছেন, কেউ কেউ পঙ্গুত্বও বরণ করেছেন।"
অন্যদিকে, দৌলরদী গ্রামের বাসিন্দা আরমান বলেন, "কুমারচর-গুলনগর সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও আবেদন করা হচ্ছে। জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাস মিললেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।"
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জনি জানান, "প্রতিদিন সাইকেল কাঁধে করে সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। খুব ভয় লাগে। একটি সেতু হলে আমাদের মতো শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই কমে যাবে।"
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা এলজিইডির প্রকৌশলী আলমগীর হোসেন চৌধুরী বলেন, "স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন