প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে তিন বছর তিন মাস আগে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ পাঁচ বছর।
বুধবার (২২ জুলাই) দেশের কয়েকটি পত্রিকায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ করার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। এসব খবরের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিগগিরই রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়ে উল্লেখ করা হতে পারে।
একইসঙ্গে, সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পদত্যাগ করার জন্য বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। তার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা চলছে বলেও বিভিন্ন সংবাদপত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনিও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে শুনেছেন বলে জানান। সাংবাদিকদের কথায় তিনি বলেন, ‘আপনি নিজেই বললেন, এটা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, তো গুঞ্জন তো গুঞ্জনই। আর যদি এটি সত্যি হয়, আমরা তাকেও দেখবো।’
এ সময় সাংবাদিকরা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার বিষয়ে উল্লেখ করলে তিনি প্রশ্ন করেন, ‘গণমাধ্যমে আসছে? হতে পারে, আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেন।’
প্রক্রিয়া কী জানতে চাইলে তিনি বলেন, যদি রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চান কিংবা স্বাস্থ্যগত কারণে, যে কারণে হোক, তার সেটি করার অপশন রয়েছে।
এক্ষেত্রে সরকারের পদক্ষেপ কী এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই।’
রাষ্ট্রপতির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত উল্লেখ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে, আমিও শুনছি।’
রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি চিকিৎসার জন্য কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারেন।’
কিন্তু পাঁচ বছরের নির্ধারিত মেয়াদের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এসব বিষয়ে মানুষের মাঝে কৌতূহল রয়েছে। রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র দেবেন অথবা তার অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন- এসব প্রশ্ন আলোচনায় আসছে।
সংবিধান বিশেষজ্ঞরা জানান, রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন হবে। ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
রাষ্ট্রপতির পদত্যাগ করলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী, একজন রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করতে পারেন তিনি।
২০২৩ সালের ২৪শে এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সে সময় আওয়ামী লীগের মনোনয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
রাষ্ট্রীয় পদমর্যাদার দিক থেকে প্রথম স্থানে থাকা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সময়ের হিসাবে প্রায় তিন বছর তিন মাস ধরে এই পদে রয়েছেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে।
তাহলে মেয়াদের আগে পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সেটির বিস্তারিত নির্দেশনা সংবিধানে রয়েছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক।
পদত্যাগ করতে চাইলে সংবিধানের নিয়ম অনুসারে স্পিকারকে তাকে পত্র জমা দিতে হবে বলে জানান তিনি।
রাষ্ট্রপতি পদের মেয়াদ সম্পর্কে সংবিধানের ৫০ এর তিন অনুচ্ছেদের কথা উল্লেখ করে শাহদীন মালিক বলেন, ‘স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করবেন।’
রাষ্ট্রপতির পদত্যাগের কারণ উল্লেখ করে দেওয়া পত্রটি সাধারণত বেশ ছোট হয়ে থাকে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘উনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। স্বেচ্ছায় হোক বা চাপে পড়ে হোক, যেটাই হোক উনি লিখবেন, আমি স্বাস্থ্যগত বা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এটি সাধারণত দুই লাইনের চিঠি হয়। সাধারণত ব্যক্তিগত কারণই উল্লেখ করেন সকলে।’
একইসঙ্গে, রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ কিংবা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই বলেও সংবিধান বিশেষজ্ঞগতভাবে উল্লেখ করেন এই আইনজীবী।
তিনি বলেন, ‘এসব পদে পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়ে যায়। এর অর্থ পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছানোর পর থেকে কার্যকর হবে, অর্থাৎ এখানে গ্রহণ করার বা না করার কিছুই নেই। পড়ে গেলেই এটি গ্রহণযোগ্য।’
পদত্যাগপত্র দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী হবে? রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না, এমনটাই জানান শাহদীন মালিক। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে অনুপস্থিতি কালীন রাষ্ট্রপতি পদে স্পিকার থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে, অথবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে, সেই পরিস্থিতিতেই রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।’
এই অনুচ্ছেদটির ব্যাখ্যা করে আইনজীবী বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ করা বা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী সময়ে, সে সময় স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’
পাঁচ বছরের মেয়াদ শেষের পূর্বে রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদ শূন্য থাকবে না, বরং অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি। সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে এই নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে উল্লেখ রয়েছে।
এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই পদ শূন্য হলে, মেয়াদ শেষের তারিখের আগে ৯০ অথবা সর্বনিম্ন ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে এই নির্বাচন সম্পর্কিত কয়েকটি শর্ত সংবিধানের এই অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
সূত্র: বিবিসি বাংলা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন