প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাসস, ১৫ নভেম্বর ২০২৬ : কোচ হাজিমে মরিয়াসু বিশ্বাস করেন, জাপান একদিন বিশ্বের সেরা ফুটবল দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, যা তারা দ্বিতীয়বারের মতো ব্রাজিলকে পরাজিত করার পর অনুভব করেছেন। তিনি আট বছর ধরে দায়িত্ব পালন করার পর বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে জাপান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে একটি চমক প্রদর্শন করে। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় তাতসুহিরো সাকামোতো জয়সূচক গোলটি করেন।
এক বছরের কিছু বেশি সময় আগে, টোকিওতে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে চলতি বছরের উত্তর আমেরিকা বিশ্বকাপে, জাপান ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছিল।
মরিয়াসু মঙ্গলবার প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের পর দায়িত্ব ছাড়বেন। তবে তিনি মনে করেন, জাপান বড় ফুটবল শক্তি হয়ে ওঠার সঠিক পথে রয়েছে।
তিনি বলেন, “খেলোয়াড়েরা আত্মবিশ্বাস ও সাহস দেখিয়েছে। যখন প্রয়োজন হয়েছে, তখন তারা দৃঢ়তার সঙ্গে লড়াই করেছে।”
“ভবিষ্যতের কোনো বিশ্বকাপে জাপান অবশ্যই বিশ্বের সেরা দল হতে পারে।”
জাপানের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কোচ মরিয়াসুর আগামী জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপেও দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এরপর দায়িত্ব নেওয়ার কথা ছিল বর্তমান অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়ার।
তবে স্বাগতিক দেশকে লক্ষ্য করে হুতিদের হামলার পর ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টটি পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে আয়োজনের ঘোষণা দেয়।
শুক্রবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) নিশ্চিত করেছে, আগামী সপ্তাহের ম্যাচটি হবে মরিয়াসুর অধীনে জাপানের শেষ ম্যাচ।
মরিয়াসু বলেন, “জয় ও উন্নতির লক্ষ্য নিয়ে আগের মতোই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।”
বিশ্বকাপে ব্রাজিলের কাছে হৃদয়বিদারক হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই সিঙ্গাপুরে মাঠে নেমেছিল জাপান।
হিউস্টনে ম্যাচের ৯৫ মিনিটে গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি।
বিশ্বকাপের সেই ম্যাচে শেষ দিকে ভুল করে কান্নায় ভেঙে পড়া জাপানের মিডফিল্ডার আও তানাকা সিঙ্গাপুরে জয়ের পর বলেন, তিনি ‘শান্ত, তবে ভীষণ খুশি’।
লিডস ইউনাইটেডের এই মিডফিল্ডার বলেন, “ম্যাচ যত এগিয়ে আসছিল, নানা ঘটনা মনে পড়ছিল। স্বাভাবিকভাবেই সেই হতাশার স্মৃতিগুলোও মাথায় ঘুরছিল।”
ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল জাপান। পরে ব্রাজিল ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত দুটি গোলে সমতায় ফেরে।
ইনজুরি সময়ে সাকামোতোর গোলে জয় নিশ্চিত হয় জাপানের। গোলটির প্রতিবাদ করায় ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়াকে লাল কার্ড দেখানো হয়।
৩০ বছর বয়সী সাকামোতো পাঁচ বছর পর প্রথমবারের মতো জাপানের হয়ে মাঠে নেমেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন