প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ওরফে আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে মামলার শেষ সাক্ষী হিসেবে দুদকের উপ-সহকারী পরিচালক ও বাদী জাকির হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম তাকে জেরা করেন। জেরার পর মামলাটি আত্মপক্ষ শুনানির পর্যায়ে চলে যায়।
মামলাটির প্রেক্ষিতে বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনসহ দুদকের ১১ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আদালত সিয়ামের আত্মপক্ষ শুনানির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।
এদিন আদালতে সিয়ামের জামিনের আবেদন করেন তার আইনজীবী রেজাউল করিম। অপর দিকে, দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়ামের ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলাটি তদন্তের পর, একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জাকির হোসেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তদন্তে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
এরপর গত ১৭ জুন একই আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওইদিন মামলাটির বিচার শুরুর আদেশ দেওয়া হয়। অভিযোগ গঠনের পর ধারাবাহিকভাবে সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। রবিবার বাদী ও তদন্ত কর্মকর্তা জাকির হোসেনের সাক্ষ্য ও জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে মামলাটির ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন