প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার বেকার যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং চোরাচালান ও মাদকের প্রভাবে থেকে দূরে রাখার লক্ষ্যে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।
রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ব্যবস্থাপনায় গোদাগাড়ী থানার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী বেকার যুবক-যুবতীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণটি ২৩ আগস্ট শুরু হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা সীমান্তবর্তী অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সে অনুযায়ী, সীমান্ত কারিগরী ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রাথমিকভাবে সীমান্ত এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন করে আয় করার প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করবেন।
বিজিবির মতে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী বেকার যুবকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টির চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় যুবসমাজকে চোরাচালান ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজিবি আরও জানায়, প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী যুবসমাজকে দক্ষ, কর্মঠ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও দেশের উন্নয়নে তাদের ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে। তরুণ প্রজন্মকে সঠিক দিকে পরিচালিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন