প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় অসাবধানতাবশত ১০০ টাকা কম পরিশোধ করেছিলেন শমসের আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই পাওনার কথা তিনি ভুলে যাননি। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে আখাউড়ায় এসে তিনি পাওনাদারের হাতে সেই ১০০ টাকা তুলে দিয়ে সততার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এসে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম. এন. এইচ. খাদেম দুলালের হাতে ১০০ টাকা পরিশোধ করেন শমসের আলী। শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো সংক্রান্ত একটি লেনদেনের সময় তিনি ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। বিষয়টি তিনি দীর্ঘদিন ধরে মনে রেখেছিলেন। তার বিশ্বাস, অল্প বা বেশি, অন্যের পাওনা পরিশোধ করা একজন মানুষের নৈতিক দায়িত্ব।
পরে জানতে পারেন, দুলাল খাদেম শুক্রবার গ্রামের বাড়িতে আসবেন। তাই সুযোগ পেয়ে তিনি নিজেই পাওনা শোধ করতে চলে আসেন। এম. এন. এইচ. খাদেম দুলাল বলেন, এত বছর আগের ওই লেনদেনের বিষয়টি তার মনেও ছিল না। শমসের আলী এসে ১০০ টাকা ফেরত দেওয়ায় তিনি বিস্মিত হন। পরে সেই টাকা আবারও শমসের আলীর হাতে ফিরিয়ে দিয়ে তিনি বলেন, "এটি দিয়ে কিছু খেয়ে নিন। আপনার এই সততা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।"
শমসের আলীর এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের কাছেও ব্যাপক প্রশংসিত হয়েছে। তাদের মতে, বর্তমান সময়ে যেখানে অনেকেই বড় অঙ্কের পাওনাও অস্বীকার করেন, সেখানে ১৫ বছর পর মাত্র ১০০ টাকার পাওনা পরিশোধ করতে এত দূর থেকে ছুটে আসা সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন