প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন আদালতে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা প্রায় আট হাজার মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে রয়েছে ৩ হাজার ৪৩৮টি মামলা এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রয়েছে আরো ৪ হাজার ৮১৬টি মামলা।
৩০ জুন পর্যন্ত দুদকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
দুদকের তথ্য অনুযায়ী, বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন ৩ হাজার ৪৩৮টি মামলার মধ্যে কমিশনের করা মামলার সংখ্যা ৩ হাজার ১১১টি এবং বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর (বিডিবি) মামলা ৩২৭টি। এসব মামলার মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে এক হাজার ৪৩টি মামলা এবং ঢাকার বাইরের জেলা আদালতগুলোতে রয়েছে ২ হাজার ৩৯৫টি মামলা।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে ৭০৮টি মামলা। হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা সংখ্যা ৪ হাজার ১০৮টি। এসব মামলার মধ্যে রয়েছে রিট, ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি আপিল ও রিভিশন মামলা। উচ্চ আদালতে আসামিদের পক্ষ থেকে মূলত জামিন, মামলা বাতিল কিংবা সাজা স্থগিত বা বাতিলের আবেদন করা হয়েছে। অন্যদিকে, দুদকও বিভিন্ন মামলায় জামিন বাতিল এবং নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখতে আবেদন করেছে।
দুদকের বিচারাধীন মামলাগুলোর বড় অংশই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, আয়কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন, ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ, সরকারি ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং অর্থ পাচারের অভিযোগ সংক্রান্ত। এসব মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজনীতিক, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা।
এদিকে গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করার পর থেকে কমিশন নেতৃত্বশূন্য রয়েছে। এই সময়ের মধ্যে সংস্থাটি নতুন কোনো অনুসন্ধান শুরু করতে পারেনি। একই সঙ্গে নতুন কোনো মামলা দায়ের বা অভিযোগপত্র আদালতে দাখিলও করা হয়নি। আদালতেও এই সময় উল্লেখযোগ্যসংখ্যক মামলার নিষ্পত্তি হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন